২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ৫টি বোমাসহ গ্রেপ্তার ১

মেহেরপুরের গাংনী উপজেলায় ৫টি বোমাসহ একজনকে আটক করেছে পুলিশ ও র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

মেহেরপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলায় ৫টি বোমাসহ একজনকে আটক করেছে পুলিশ ও র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদরের থানা পাড়ায় একটি দোকান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। আটক বিল্লাল হোসেন বোমা তৈরির কারিগর বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি থানা পাড়ায়। গাংনী থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, পুলিশ ও র‌্যাব সদস্যরা সন্ধ্যায় থানা পাড়ায় বিল্লালের চায়ের দোকানে তল্লাশি চালায়। দোকানের ভেতর একটি ব্যাগের মধ্যে বোমাগুলো পাওয়া যায়। আটক করা হয় বিল্লালকে। ওসি জানান, বোমাগুলো বড় আকৃতির ও শক্তিশালী। পুলিশ জানায়, দেড় মাস আগেও বিল্লাল বিস্ফোরক দ্রব্যসহ পুলিশের হাতে আটক হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হলেও জামিনে বেরিয়ে আসেন তিনি। বিল্লাল পুলিশের কাছে বোমা তৈরির কারিগর বলে পরিচিত। এলাকাবাসী জানায়, তারা চা দোকানদার হিসাবেই বিল্লালকে জানতো। তবে ব্যবসার আড়ালে তিনি বোমা তৈরি ও সরবরাহের কাজ করেন বলে এলাকায় অভিযোগ আছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৬) মেহেরপুর ক্যাম্পের কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, বিল্লাল আগে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। পরে ডাকাতি ছেড়ে গোপনে বোমা তৈরি ও সরবরাহের কাজে জড়িয়ে পড়েন। বিল্লাল কাদের কাছে বোমা সরবরাহ করতেন এবং তিনি কোনো চরমপন্থী দলের সঙ্গে জড়িত কিনা র‌্যাব ও পুলিশ তা খতিয়ে দেখছে বলে এএসপি জাহিদুুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪২ ঘ.