২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতার কারখানায় ডাকাতি, নিহত ১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সুতা কারখানায় ডাকাতি হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক নিরাপত্তাকর্মী। আহত হয়েছে আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 01:54 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

গাজীপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সুতা কারখানায় ডাকাতি হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক নিরাপত্তাকর্মী। আহত হয়েছে আরো দুজন। মঙ্গলবার ভোররাতে উপজেলার তেলিহাটী এলাকায় জমজম সুতা (স্পিনিং মিল) কারখানায় হানা দিয়ে ডাকাতরা বেশকিছু মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। কারাখানাটি বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কারখানার নিরাপত্তা কর্মী ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, ১৫/২০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কারখানার দেয়াল টপকে ভেতরে ঢুকে। ডাকাতরা তিন নিরাপত্তা কর্মীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে কারখানার বিভিন্ন শাখা থেকে তামার তারসহ বিভিন্ন মাল লুট করে নিয়ে যায়। মুখ বাঁধা অবস্থায় নিরাপত্তা কর্মী হালিম উদ্দীন (৩৬) শ্বাসরোধ হয়ে মারা যান। তার বাড়ি মানিকগঞ্জের ভাটাহিটচর গ্রামে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন- ইসমাইল হোসেন (৩৮) ও আব্দুর রাজ্জাক (৪০)। ভোর সাড়ে চারটার দিকে আহত নিরাপত্তা কর্মীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন পাঠায়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত খান লুটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি ডাকাতি নয় চুরি। তিনি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.