নোয়াখালী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে একটি আগ্নেয়াস্ত্র মামলায় রায় ঘোষণার পরপরই আদালতের এজলাসে সোমবার দুপুরে বিচারককে লক্ষ্য করে সাজাপ্রাপ্ত এক আসামি জুতা নিক্ষেপ করে।
নোয়াখালী বিশেষ ট্রাইবুন্যালের বিচারক কাজী আবদুল হান্নানের আদালতে আসামি আলাউদ্দিন এ ঘটনা ঘটায়। তবে জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে এজলাসের বাইরে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট মো. সাহাব উল্যাহ সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালের ২৭ নভেম্বর পুলিশ হাতিয়া উপজেলার নলের চরের শান্তিপুর নৌঘাটে ডাকাতির প্রস্তুতিকালে একটি এলজি ও দুই রাউণ্ড গুলিসহ আলাউদ্দিন (৩০), জাহাঙ্গীর (৩০) ও জসিম উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করে।
তিনি বলেন, এই মামলায় বিচারক আসামিদের মধ্যে আলাউদ্দিনকে ১২ বছর, জাহাঙ্গীর ও জসিমকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের রায় দেন।
রায় শোনার পরই আলাউদ্দিন আসামির কাঠগড়া থেকে নেমে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। এসময় আদালতে উপস্থিত লোকজন আলাউদ্দিনকে টেনেহেঁচড়ে আদালতের বারান্দায় এনে গণধোলাই দেয়।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিনকে উদ্ধার করে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24