ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মন্ত্রণালয়কে আরো ৮০ হাজার মেট্রিক টন চাল-গম আমদানির অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির এক সভায় সোমবার এ অনুমোদন দেওয়া হয়।
এলএমজে ইন্টারন্যাশনাল নামে একটি দেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে এ চাল ও গম আমদানির কাজ পেয়েছে বলে সভায় উপস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।
৮০ হাজার মেট্রিক টন খাদ্যশস্যের মধ্যে ৫০ হাজার টন গম এবং ৩০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল।
এতে টনপ্রতি চালের জন্য চারশ ৮৩ দশমিক ৯০ মার্কিন ডলার ও গমের জন্য তিনশ ২৮ দশমিক ৮৫ মার্কিন ডলার মূল্য ধরা হয়েছে। এ জন্য সরকারের মোট ব্যয় হবে দুশ সাত কোটি দুই লাখ টাকা। এর মধ্যে চালের জন্য একশ এক কোটি ৭৬ লাখ টাকা এবং গমের জন্য একশ ১৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয় হবে।
পরিকল্পনামন্ত্রী একে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24