২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ ৫ জুট মিল চালুর সিদ্ধান্ত

বন্ধ ও ইজারায় থাকা বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) পাঁচটি কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 08:24 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ ও ইজারায় থাকা বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) পাঁচটি কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিং এ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সভায় সিরাজগঞ্জের কওমী, খুলনার পিপলস, দৌলতপুর ও এমএম এবং রাজশাহী পাটকলের বর্ধিত অংশ (দ্বিতীয় পর্ব) চালু করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী দুটি স্থানে মোট চারটি সীমান্ত হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। চারদলীয় জোট সরকারের সময় এসব জুট মিলকে লোকসানী দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেগুলো বেসরকারি মালিকানায় পরিচালনার জন্য ইজারা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আবুল কালাম আজাদ জানান, গত সরকার আদমজীসহ অন্য জুটমিলগুলো বন্ধ করে দেশের অপূরণীয় ক্ষতি করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী পাটের পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, "পাটকলগুলো বন্ধ করে দিয়ে দেশের পাট শিল্পকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এসব পাটকল চালুর মাধ্যমে পাট শিল্পকে রক্ষা করা সম্ভব হবে। এতে পলিথিন জাতীয় পণ্যের ব্যবহার কমে পাট পণ্যের ব্যবহারও বাড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এজে/১৫৫২ ঘ.