সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেতুর দুই পাশে হাজারো মানুষের অপেক্ষা, কখন সন্ধান মিলবে ডুবে যাওয়া বাসটির।
সোমবার সকাল থেকেই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আছে মানুষ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারে সালেপুর সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অর্ধশত যাত্রীসহ নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের বাস। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো।
রোববার বাসটির সন্ধান মেলেনি। উদ্ধার কর্মীরা বাসটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালিয়ে যাচ্ছে।
পরিস্থিতি দেখতে আশপাশ এলাকার মানুষ ঘটনাস্থলে ভীড় জমায়।
ঘটনাস্থলে এক এক জন ডুবুরি পানির নিচে যায়, কিছুক্ষণ পর উপরে উঠে আসার সঙ্গে সঙ্গে উৎসুক জনতা চিৎকার করে উঠে। বাসটির সন্ধান বুঝি পাওয়া গেল। কিন্তু ডুবুরির না সূচক সংকেতে নিরাশ হয়ে পরের ডুবুরির পানির উপরে উঠে আসার অপেক্ষায় প্রহর গোনা।
সোমবার সকাল থেকে ঘটনাস্থলে মানুষ এভাবেই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা আছে। সারা রাতই কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে ছিলো। ভোরের দিকে লোকজন কমতে শুরু করলেও বেলা বাড়ার সাথে সাথে আশপাশ এলাকা থেকে বহু লোক ঘটনাস্থলে আসতে শুরু করে।
এদের সবারই যে আত্মীয় স্বজন আছে তা নয়, শুধু পরিস্থিতি দেখার জন্যই এখানে এসেছে তারা।
কাওউন্দি ইউনিয়ন থেকে আসা সেলিনা খাতুন জানান, ঘটনা শোনার পর গ্রাম থেকে তারা ৭ জন মহিলা এসেছেন। তাদের একটাই প্রার্থণা, বাসটির খোঁজ যেন দ্রুত পাওয়া যায়।
সাভার থেকে আসা মো. জাহাঙ্গীর হোসেন জানান, তিনি রোববারও ছিলেন, আবার সোমবার সকালেও ঘটনাস্থলে এসেছেন। অপেক্ষা করছেন কখন উদ্ধার হবে।
মানিকের টেক গ্রাম থেকে আসা ৪র্থ শ্রেণীর ছাত্র শরীফ জানায়, গ্রামের মানুষের কাছে দূর্ঘটনার কথা শুনে সে মায়ের সাথে ঘটনাস্থলে এসেছে। ডুবুরি দেখতেই এখানে আসা বলে জানায় শরীফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিসি/কেএমএস/১২০১ ঘ.
bdnews24