২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৮৮৯ জকি শিশুকে আরব আমিরাত থেকে ফেরানো হয়েছে'

উটের জকি হিসেবে ব্যবহৃত আটশ ৮৯ বাংলাদেশি শিশুকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উটের জকি হিসেবে ব্যবহৃত আটশ ৮৯ বাংলাদেশি শিশুকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সব শিশুর পুনর্বাসনে তাদের পরিবারকে ইতিমধ্যে প্রায় পৌণে আট কোটি টাকা (১১ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. কামালউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সব তথ্য জানান। তিনি বলেন, "উটের জকি হিসাবে তালিকাভুক্ত আটশ ৮৯ জন শিশুর সবাইকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে এদের মধ্যে একজন দেশে ফেরার পর মারা গেছে।" "সম্প্রতি ইউএই'র আইনে শিশুদের উটের জকি হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে," জানিয়ে যুগ্ম-সচিব বলেন, "ফলে দেশটিতে আর কোনো বাংলাদেশি শিশু উটের জকি হিসেবে ব্যবহৃত হচ্ছে না।" গত ১৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উটের জকি হিসাবে ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত আটশ ৭৯ জন শিশুর মধ্যে আটশ ৬০ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কামালউদ্দিন আহমেদ জানান, ইউএই সরকারের পক্ষ থেকে জকি শিশুদের নাম জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের আহ্বানে নয়শ ছয়জনের নাম জমা পড়ে। বাংলাদেশ ও ইউএই সরকারের যৌথ কমিটি সেসব যাচাই করে আটশ ৮৯টি নাম চূড়ান্ত করে। তিনি জানান, ইউএই কর্তৃপক্ষ ক্ষতির অনুপাতে প্রত্যেক শিশুকে এক হাজার থেকে চার লাখ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে। এ অর্থ সুষ্ঠুভাবে বিতরণ ও ক্ষতিগ্রস্ত শিশুদের পুনর্বাসনের কাজ চলছে। তবে দেশে ফেরার পর যে শিশুটি মারা গেছে তার পরিবারকে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি। ওই শিশুর ক্ষতিপূরণের অর্থও ইউএই কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে। যুগ্মসচিব জানান, যৌথ-কমিটি যাচাই-বাছাই করে তার মাকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ইউএই সরকারের প্রতিনিধি ইব্রাহিম আল মারজুকি, আওয়াদ আল করিম এবং বাংলাদেশে নিযুক্ত ইউএই দূতাবাসের কর্মকর্তা গাজী আব্দুল্লা বিন আশুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারের সঙ্গে তার কক্ষে দেখা করেন। এ সময় তারা এ সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই দেশের মধ্যস্থতায় ক্ষতিগ্রস্ত শিশুদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়া সফল হওয়ায় তারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/পিডি/১৯৪২ ঘ.