২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিসেম্বরে ডিসিসি নির্বাচনে আপত্তি নেই সরকারের'

ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন হওয়া নিয়ে সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন হওয়া নিয়ে সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে রোববার বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, "ডিসেম্বরে পৌরসভা ও ডিসিসি নির্বাচনে আমাদের কোনো দ্বিমত নেই।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন পরে হবে। উপদেষ্টার নেতৃত্বে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, নূহ-উল আলম লেনিনসহ চার সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। শনিবার সিইসি এটিএম শামসুল হুদা জানান, ডিসেম্বরে ডিসিসি ও পৌরসভা নির্বাচন করা হবে। এ লক্ষ্যে তফসিল নির্ধারণের জন্য শিগগির বৈঠকে বসবে ইসি। সেসময় সিইসি জানান, ইউনিয়ন পরিষদ এই দু'নির্বাচনের পরে হবে। মেয়াদোত্তীর্ণ ডিসিসি, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানে লোকবল, বাজেট, আইন-শৃঙ্খলাবাহিনীসহ আনুষঙ্গিক বিষয়ে সরকারের সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এইচটি ইমাম জানান, নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও হজের বিষয় বিবেচনায় রেখে কখন নির্বাচন করলে ভালো হবে সে বিষয়েও পরামর্শ দেন এইচটি ইমাম। গত এপ্রিলে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানে ইসির সঙ্গে সরকারের টানাপড়েন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এটা বানোয়াট ব্যাপার ছিল। নির্বাচন কখন হবে তা ইসি নির্ধারণ করবে।" গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে পৌরসভা ও ইউপি নির্বাচন সম্ভব। পরদিন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা এর সঙ্গে দ্বিমত পোষণ করে জানান, ডিসেম্বরে পৌর নির্বাচন সম্ভব হবে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন এ বছর সম্ভব হবে না। নির্বাচনের আগে বিভিন্ন স্থানে রাজনৈকি সহিংসতা নিয়ে শনিবার উদ্বেগ প্রকাশ করেন সিইসি। এ বিষয়ে এইচটি ইমাম বলেন, "সিইসি কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আশা করি, এ রকম অবস্থা থাকবে না। সুষ্ঠু নির্বাচনের যা করা দরকার তা-ই করা হবে।" বৈঠকের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হচ্ছে, নির্বাচনের বাজেট এবং কী কী সহযোগিতা প্রয়োজন- সে বিষয়ে জানতে চান তারা (সরকারের প্রতিনিধি দল)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৩৭ ঘ.