শামীম আহমেদ ও সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সাভার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটির সন্ধান মেলেনি ছয় ঘণ্টায়ও। তবে সার্চ ক্যামেরা নামানো হয়েছে জানিয়ে খুব শিগগিরই বাসটি খুঁজে পাওয়ার আশা করছে দমকল বাহিনী।
দমকল বাহিনীর পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছে। তবে স্রোতের কারণে বাসটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনাস্থল আমিনবাজারের সালেপুরে বাসযাত্রীদের স্বজনরা আসতে শুরু করেছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো।
ডুবে যাওয়ার পর বাসের আট যাত্রী উঠে আসেন। তবে এর মধ্যে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত মনোয়ারা হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে ছাত্রী।
জীবিত উদ্ধার বাসযাত্রীদের একজন তপন (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাসটিতে ৪০-৫০ জন আটকা পড়ে ছিলেন।
বাসটি উদ্ধারে প্রথমে দমকল বাহিনীর ডুবুরীরা নামে। সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল যোগ দেয় বেলা ৩টার দিকে।
দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ বিকাল সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের বলেন, "সার্চ ক্যামেরা নামানো হয়েছে। আশা করি, শিগগিরই বাসটি খুঁজে পাওয়া যাবে।"
বাস ডুবে যাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। বিকালে অনেকে আসতে থাকে স্বজনদের খোঁজে, যাদের ধারণা তাদের স্বজনরা ছিলেন ওই বাসে।
শাফিন নামে ঢাকার মিরপুরের এক বাসিন্দা এসেছেন তার বাবা আব্দুল মান্নানকে খুঁজতে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি সাভারে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ। ধারণা করছি, তিনি এ বাসেই ছিলেন।"
একই ধারণা থেকে ভাই আরিফুল ইসলামের সন্ধানের জন্য এসেছেন সাভারের বাসিন্দা শিরীণ আক্তার। তিনিও বলেন, তার ভাইয়ের মোবাইল ফোন দুপুর থেকে বন্ধ পাচ্ছেন।
ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম তদারক করছেন ঢাকার জেলা প্রশাসক মো. মোহিবুল হক। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদারও দুপুরে দুর্ঘটনাস্থলে যান।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, "নদীতে প্রবল স্রোত। তাই উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।"
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একদল সদস্য বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজে সহায়তা করছে।
শুরুতে তিনজন ডুবুরী নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা এবং বাসের সন্ধান না মেলায় দুপুরে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। তখন বিক্ষোভরত জনতাকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় র্যাব।
ওদিকে সাভার থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মনোয়ারার লাশ পুলিশের হেফাজতে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসএইচএ/এজে/এমআই/১৬০০ ঘ.
bdnews24