ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনারের পদে মুহাম্মদ ছহুল হোসাইনের থাকা নিয়ে প্রশ্ন তুললেও তাকে আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।
আদালত বলেছে, আইনের শাসন ও আদালতের কর্তৃত্বের প্রতি তার (ছহুল) কোনো শ্রদ্ধা নেই। এ কারণে প্রশ্ন দেখা দিয়েছে এ ধরনের পদে তার অব্যাহত থাকা উচিত কি না।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ আদালত অবমাননার মামলা থেকে ছহুলকে অব্যাহতি দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেয়।
আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টে ছহুল হোসাইনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি দায়ের করেন।
আদালত বলেছে, "ছহুল হোসাইনের আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। নির্বাচন কমিশনের পদটি উচ্চ সাংবিধানিক পদ। এই পদের ব্যক্তির দায়িত্বশীলতা অনেক বেশি। আইনের শাসনও আদালতের কর্তৃত্বের প্রতি এই পদের ব্যক্তির শ্রদ্ধা থাকতে হবে। এ কারণে প্রশ্ন দেখা দিয়েছে, এ ধরনের পদে তার অব্যাহত থাকা উচিত কি না।"
"ছহুল হোসাইন আদালত অবমাননা করলেও তাকে আমরা শাস্তি দিতে চাই না। এ কারণে মামলাটি নিষ্পত্তি করে দেওয়া হলো", বলেছে আদালত।
ছহুল হোসাইনের পক্ষে শুনানি করেন শাহ্দীন মালিক। আলমগীরের পক্ষে ছিলেন রোকন উদ্দিন মাহমুদ।
গত বৃহস্পতিবার ছহুলের আবেদনে এই মামলা থেকে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24