চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কোতোয়ালি থানার মোমিন রোড এলাকায় একটি ছাপাখানা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক খুন হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে পেছনদিকে হাত-পা বাঁধা অবস্থায় মো. জোবায়ের রশিদের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ।
তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার রাজানগরে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জোবায়েরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে।"
জোবায়ের রশিদ ফিউচার প্রিন্টিং প্রেসে ব্যবস্থাপক পদে চাকরি করতেন। এটির মালিক সুকান্ত চৌধুরী।
প্রেস মালিকের অপর প্রতিষ্ঠান সারফেস অ্যাড ফার্ম নামক বিজ্ঞাপনী সংস্থায় রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে হত্যা করা হতে পারে বলে জানান মহসিন।
সুকান্ত চৌধুরীর ধারণা, ডাকাতরা জোবায়েরকে হত্যা করেছে।
দোকানে থাকা একটি ল্যাপটপ ও নগদ ৩৫ হাজার টাকা লুট হয়েছে বলেও সুকান্ত পুলিশকে জানিয়েছেন।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখানো কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24