ঢাকা, ০৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ, উজান থেকে নামা ঢল ও জোয়ারের পানি নামতে শুরু করেছে। নানাস্থানে আশ্রয় নেওয়া মানুষ বাড়িঘরে ফিরতে শুরু কয়েছে।
বিভিন্ন স্থান থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে ফসল, পুকুর ও মাছের খামার, বাড়িঘরসহ নানা সম্পদ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিুচাপের ফলে বর্ষণ ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন স্থানে নিুাঞ্চল প্লাবিত হয়। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় উজান থেকে নামা পাহাড়ি ঢলও ব্যাপক সম্পদহানি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
বাগেরহাট: জেলার ২৮ হাজার ৩৩৯টি পরিবার ও ১৩ হাজার ৪৭২টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভেসে গেছে জেলার ৫৩ হাজার ৬৭২ একর চিংড়ি ঘের এবং ২৪ হাজার ৮৯টি পুকুর ও মাছের খামার।
এতে অন্তত ৭৩ কোটি ৬২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ছাড়া জেলায় প্রায় আড়াই কোটি টাকার ফসল নষ্ট হয়েছে।
শনিবার জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃষ্টি ও জোয়ারের পানিতে মোরেলগঞ্জ ও চিতলমারী উপজেলায় ১১০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। রামপাল, সদর, ফকিরহাট, কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলায় দশ কিলোমিটার পাকা ও ৮৮ কিলোমিটার কাঁচারাস্তা এবং সদর, মোরেলগঞ্জ, চিতলমারী ও শরণখোলা উপজেলায় প্রায় ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্যোগের পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাধ্যমে প্রাপ্ত ক্ষয়-ক্ষতির প্রতিবেদন থেকে এই পরিসংখ্যান তৈরি করা হয়।
শনিবার দুপুরে এই পরিসংখ্যান দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোকে ফ্যাক্সবার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে। তবে আরো সুনির্দিষ্ট তথ্যপ্রাপ্তির মাধ্যমে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য পরিবর্তন হতে পারে।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় জেলার নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাড়ে চুয়াল্লিশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বরগুনা: বরগুনায় ৩০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে। তবে ক্ষতির পরিমাণ আরো বেশি হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
এদিকে পানি কমার পর মানুষ বাড়িঘরে ফিরলেও শনিবার পর্যন্ত সরকাকিভাবে খাবারের কোনো ব্যবস্থা হয়নি। রোববারের আগে খাবার পৌঁছানো যাবে না বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
বরগুনা জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, জলোচ্ছ্বাসে ২৯ হাজার ৭৭৫ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে। ২ হাজার ১২০ হেক্টর জমির শাকসব্জি পচে গেছে। ২৩ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকার মাছ ভেসে গেছে। ট্রলার ডুবে জালসহ ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
১৭ কিলোমিটার বেড়িবাঁধ ও ৫টি স্লুইজ গেটে পানি উন্নয়ন বোর্ডের ৩ কোটি ৯৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক আরো জানান, তিন লাখ টাকার সরকারি বরাদ্দ পাওয়া গেছে। রোববার থেকে ওই টাকা দিয়ে ত্রাণ সহায়তা দেওয়া হবে।
নিদ্রা ছকিনা গ্রামের হালিমা বেগম, আমখোলার রাহিমা খাতুন, কুমিরমারার আম্বিয়া বেগমসহ অনেকেই জানান, দুই দিন ধরে তারা না খেয়ে আছেন। তাদের খোঁজ নিতেই কেউ আসেনি বলে জানান।
লক্ষ্মীপুর: জেলার কমলনগর, রামগতি, সদর ও রায়পুর উপজেলার কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে মৎস্য সম্পদ, রোপাআমন ও শাকসবজিসহ ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ।
ঝড়ের কবলে পড়ে চরআলগির তিনজন জেলে নিখোঁজ রয়েছে বলে রামগতি নির্বাহী কর্মকর্তা দৌলতুজ্জামান খান জানিয়েছেন।
রামগতির সেবাগ্রাম ও কমলনগরের কালকিনি, চরফলকন ও চরলরেঞ্চে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে প্রায় এক লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। ৪-৫ ফুট পানিতে শত শত কাঁচা ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এসব এলাকায় ৭-৮ ফুট উচ্চতায় জলোচ্ছাসে ফসলের মাঠ ডুবে গেছে।
দুর্গত মানুষেরা তাদের গবাদি পশুসহ সহায় সম্বল নিয়ে স্থানীয় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসন প্রাথমিকভাবে ৫৫ মেট্রিক টন জিআর চাল ও নগদ ৬৫ হাজার টাকা বরাদ্ধ দিয়েছে।
শনিবার দুর্গত এলাকায় ৫০ মণ চিড়া ও মুরি এবং ১০ মণ গুড় বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আবুল বাসার মো. জহুরুল ইসলাম রামগতি উপজেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।
রামগতির পোড়াগাছা ও চরবাদাম ছাড়া সবক'টি ইউনিয়ন জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নে সরকারি প্রাথমিক হিসাবে প্রায় ১২শ' কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলনগর উপজেলায় ৪ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুই উপজেলায় রোপা আমনের ক্ষতি হয় দেড় হাজার হেক্টরের।
রামগতির চরগজারিয়া ও কমলনগর উপজেলার ২০টি গ্রামের লোকজন পানিবন্দি হয়েছে।
জেলা ত্রাণ পুনর্বাসন অফিস জানায়, জেলায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় পঁচিশ হাজার। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা দু'হাজার। হাজার হাজার হেক্টর রোপা আমন ও শাক-সবজির ক্ষেতের ক্ষয়-ক্ষতি হলেও এ পর্যন্ত সরকাার বিবরণ পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তের তালিকায় রামগতি উপজেলায় ১২ শ', কমলনগরে ৪ শ', রায়পুরে ১৫০, রামগঞ্জে ২ শ' এবং সদরে ৩০টি বাড়িঘর রয়েছে। তবে বেসরকারি হিসাবে এ ক্ষতি অনেক বেশি হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।
বরিশাল: বিভিন্ন নদীর পানি কমতে শুরু করায় লঞ্চ চলাচল করতে শুরু করেছে।
সাইক্লোন সেন্টারসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়িঘরে ফিরতে শুরু করেছে। নিম্নাঞ্চলের অনেক মানুষ এখনো পানিবন্দি রয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাওবো) হাইড্রোগ্রাফি বিভাগের সেকশন অফিসার (এসও) মো. আলাউদ্দিন জানান, তিনদিন বন্ধ থাকার পর বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ছোটবড় সব ধরনের লঞ্চ।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার হুমায়ুন কবির জানান, আবহাওয়া স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বৃষ্টি হয়নি। বাতাসের গতিবেগও স্বাভাবিক রয়েছে।
নোয়াখালী: জেলা শহর মাইজদী ছাড়াও হাতিয়া, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও সদর উপজেলার অধিকাংশ এলাকা এখনো জলমগ্ন হয়ে আছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর।
হাতিয়া ও কোম্পানীগঞ্জে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ ফসলি জমি, গবাদিপশু ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে হাতিয়ায় প্রায় ১০ হাজার, কোম্পানীগঞ্জে এক হাজার ৮শ, সুবর্ণচরে শতাধিক, কবিরহাটে ১৫টি কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশিদ জানান, জোয়ারের পানিতে মৌলভীরচর, ডালচর, দমারচর, চরজাঙ্গালীয়া ও নিঝুমদ্বীপের ২০ হাজারের বেশি গবাদি পশু ভেসে গেছে।
উপজেলা প্রশাসন স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্তদেও সধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।
কোম্পানীগঞ্জ ইউএনও মোহাম্মদ আমজাদ হোসেন জানান, উপজেলার তিনটি ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। চরবালুয়া, চর লেংটা, মুছাপুর, চরএলাহী, চরফকিরা, চরকচ্ছপিয়া, দিয়ারাবালুয়া গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় ৩ শ' কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ এবং দেড় হাজারের বেশি কাঁচাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুবর্ণচর ইউএনও গোলামুর রহমান জানান, উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট, চরবৈশাখী ও চরধানের শীষ গ্রামে ঝড়ের আঘাতে ২০টি কাঁচাঘর বিধ্বস্ত ও ২ শতাধিক গাছপালা উপড়ে গেছে। এছাড়া পানিতে তলিয়ে গেছে ১৪ হাজার একর জমির আমন ফসল।
কবিরহাট ইউএনও শরিফুল ইসলাম জানান, উপজেলার ধানশালিক, ধানসিঁড়ি ও ঘোষবাগ ইউনিয়নের প্রায় পাঁচশ মাছের প্রজেক্টের মাছ ভেসে গেছে এবং ১২ হাজার হেক্টর জমির আমন ফসল ডুবে গেছে। এছাড়া ঝড়ে এসব এলাকার ১৫টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।
এদিকে জেলা শহর মাইজদী থেকে বৃষ্টির পানি এখনো নামেনি। জলমগ্ন হয়ে আছে পুরো শহর। শহরের প্রধান বিভিন্ন সড়ক, অফিস- আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং আবাসিক এলাকার বাসাবাড়ি পানির নিচে আছে।
কৃষি স
bdnews24