২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য ৩ হাজার টন চাল বরাদ্দ

নিম্নচাপের কারণে জোয়ার ও বর্ষণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোর জন্য প্রাথমিকভাবে ৩ হাজার ১৫০ টন চাল বরাদ্দ করা হয়েছে। নগদ বরাদ্দ হয়েছে ৩৩ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নচাপের কারণে জোয়ার ও বর্ষণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোর জন্য প্রাথমিকভাবে ৩ হাজার ১৫০ টন চাল বরাদ্দ করা হয়েছে। নগদ বরাদ্দ হয়েছে ৩৩ লাখ টাকা। শুক্রবারের জলোচ্ছ্বাস ও বর্ষণে আড়াই জোয়ারে সরকারি হিসেবে ২ হাজার ৫০০ ঘর সম্পূর্ণ এবং ৪৫ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে শনিবার এক বৈঠকে আরো জানানো হয়, এ প্রাকৃতিক দুর্যোগে নিহত হয়েছে ১২ জন। এছাড়া ট্রলার ডুবে নিখোঁজ আছেন বেশ কিছু জেলে। দুর্যোগ কবলিত এলাকায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে চাল ও অর্থ বরাদ্দ দেওয়া হয়। দুর্যোগ সম্পর্কিত ওই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোখলেছুর রহমান। সভায় জানানো হয়, শুক্রবারের দুর্যোগে প্রায় ৭৫ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ এবং ৪১৫ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসকদের কাছে মজুদ থাকা ত্রাণ-সামগ্রী দিয়ে ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে বলে সভায় জানানো হয়। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে গৃহনির্মাণের জন্য অর্থ এবং প্রয়োজনীয় ত্রাণ-সামগ্রীর চাহিদা পাঠাতেও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া জানান। এছাড়া ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করতে পানি উন্নয়ন বোর্ড এবং খাবার পানির সরবরাহ নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত নলকূপ দ্রুত মেরামতের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকেও অনুরোধ জানানো হয়। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকিরসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০৫০ ঘ.