ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় শতাধিক হজযাত্রী নিয়ে শনিবার ভোররাতে দুটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।
বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ব্যালটি (সরকারি ব্যবস্থাপনা) হজযাত্রীদের নিয়ে রওনা হয় ভোররাত পৌনে ৪টার দিকে। এর মধ্য দিয়ে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন হয়।
বিমানমন্ত্রী জি এম কাদের ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান।
এর ৪৫ মিনিট পর দ্বিতীয় ফ্লাইটটি রওনা হয় নন ব্যালটি (বেসরকারি ব্যবস্থাপনা) হজযাত্রীদের নিয়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, দুটি ফ্লাইটে নয় শতাধিক হজযাত্রী জেদ্দা গেছেন।
মন্ত্রী জি এম কাদের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের বলেন, "হজযাত্রীরা যাতে নিরাপদে যথাসময়ে জেদ্দা পৌঁছাতে পারে সেজন্য আমরা সজাগ নজর রাখছি। এ জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।"
এর আগে বিমানমন্ত্রীসহ অন্যরা প্রথম ফ্লাইটের বিমানে উঠে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা হজযাত্রীদের জন্য শুভ কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন।
প্রথম ফ্লাইট ছাড়তে পাঁচ ঘণ্টা বিলম্ব হয়েছে। এটি ছাড়ার সময় নির্ধারিত ছিলো শুক্রবার রাত ১০টা ৪০ মিনিট।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৩টা ৪৪ মিনিটে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে। এর মাধ্যমে হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হলো।"
"এখন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই ফ্লাইট ছাড়বে", বলেন তিনি।
মোশাররফ হোসেন জানান, আগামী ১০ নভেম্বর পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট ২১ নভেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
নন ব্যালটি হজযাত্রীরা স্পেন থেকে ভাড়ায় আনা বোয়িং-৭৪৭ বিমানে ঢাকা থেকে জেদ্দা যাচ্ছেন।
বৃহস্পতিবার আশকোনা হাজী ক্যাম্পে হজ ক্যাম্প-২০১০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবছর হজযাত্রীর সংখ্যা প্রায় ৯৪ হাজার। গতবছর এ সংখ্যা ছিলো ৫৮ হাজার। সৌদি এয়ারলাইন্সসহ ১০টি এয়ারলাইন্সের বিমানে এসব হজযাত্রীদের যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯৪৩ ঘ.
bdnews24