ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিুচাপের প্রভাবে উঁচু জোয়ারে উপকূল প্লাবিত হওয়ায় সেসব জেলায় জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে সরকার। খোলা হয়েছে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপকূলীয় জেলাগুলোতে বিশুদ্ধ পানি সরবারহ স্বাভাবিক রাখতে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া প্লাবিত এলাকায় পানি সরবারহ ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে জেলায় জেলায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।"
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় জেলাগুলোর জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবধরনের ছুটি বাতিল করা হলো।
ঢাকায় কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। এর টেলিফোন নম্বর: ৯৫৫৩১০৭ ও ০১৭১১০৫৭৭২৯।
প্লাবিত জেলাগুলোতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবারহ ও নলকূপ উঁচু স্থানে বসানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা ওয়াসাও একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। এর টেলিফোন নম্বর ৯৩৫৮১৯২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২৩২০ ঘ.
bdnews24