গাজীপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে এক কাপড় ব্যবসায়ী নিহত ও অটোরিকশা চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাজু (৩০) গাজীপুর সদরের বিলাসপুর গ্রামের আ. রবের ছেলে। তিনি জয়দেবপুর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক লাল মিয়াকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্যরা স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি আ. আউয়াল জানান।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপড় ব্যবসায়ী রাজু মাল কিনতে অটো রিকশাযোগে নরসিংদী যাচ্ছিল। শিমুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি জানান, এতে অটো-রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি রাস্তার পাশে নেমে পড়ে। এসময় ঘটনাস্থলেই রাজু নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬২০ ঘ.
bdnews24