২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট মিলনায়তনে আগুন

আগুন লেগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনের প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক পাখাসহ প্রায় সব অবকাঠামো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 08:14 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

রাজশাহী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন লেগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনের প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক পাখাসহ প্রায় সব অবকাঠামো। শুক্রবার সকাল ৮টার দিকে লাগা ওই আগুনের খবর পেয়ে তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। প্রত্যক্ষদর্শী রুয়েটে কর্মরত আনসার সদস্য ইলিয়াস আলী ও বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বৃষ্টির মাঝে সকাল সাড়ে ৮টার দিকে তালাবদ্ধ মিলনায়তনের কয়েকটি ভেনটিলেটর দিয়ে প্রচুর ধোঁয়া বের হতে দেখেন। বিষয়টি তখনই তারা রুয়েট প্রশাসনের কর্মকর্তাদের জানান। দমকল বাহিনী জানিয়েছে, খবর পেয়ে রাজশাহী সদর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের ৩০ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রিণে আনে। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর উপ-পরিচালক মিজানুর রহমান ও সহকারী পরিচালক খন্দকার শামসুজ্জোহা নেতৃত্ব দেন। রুয়েট উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীসহ শিক্ষক-কর্মকর্তারা মিলনায়তন পরিদর্শন করেছেন। রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান রফিকুল ইষলাম বেগ জানান, আগুনে ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনীর কর্মকর্তা খন্দকার শামসুজ্জোহা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, " প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। অডিটরিয়ামের প্রায় সবকিছুই পুড়ে গেছে।" মিলনায়তনে সাড়ে সাতশ' আসন রয়েছে জানিয়ে রুয়েট উপাচার্য সিরাজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনে অডিটোরিয়ামের দেওয়াল ও ছাদে লাগানো কাঠ-পারটেক্স পুড়ে গেছে। এছাড়া বৈদ্যুতিক পাখাসহ সব আবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।" অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪১২ ঘ.