ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নচাপ উপকূল এলাকায় জীবনে শঙ্কা নিয়ে এলেও নগরে তার প্রভাব ভিন্নতর।
অবিরাম বৃষ্টি এক সপ্তাহ আগের দাবদাহ থেকে মুক্তি দিয়েছে ঠিকই, তবে সেই স্বস্তির সঙ্গে কিছুটা অস্বস্তিও নিয়ে এসেছে তা।
আশ্বিনের মাঝামাঝিতে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকেই। সময় যত গড়িয়েছে এর মাত্রাও তত বাড়ছে।
শুক্রবার রাজধানীবাসীর দিন শুরু হয়েছে বৃষ্টি নিয়েই। ছুটির দিন হওয়ায় অফিসে যাওয়ার তাড়া ছিলো না। তাই রাস্তায় গাড়ি চলাচল খুব কম। তবে কর্মজীবীদের বাজারে যাওয়ার দুর্ভোগ ঠিকই পোহাতে হয়েছে।
এমন দুর্ভোগেই পড়েছিলেন কলেজ শিক্ষক তারিকুল ইসলাম (৩৭)। মহাখালী কাঁচাবাজারে তার সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
আধাভেজা তারিক বললেন, "কলেজে যেতে হচ্ছে না, বাঁচোয়া। তবে সপ্তাহে বাজার করার দিন এই একটাই। তাই ভিজে গেলেও বাজারে আসতে হয়েছে।"
শুধু কাঁচা বাজারই নয়, দুর্গাপূজার আগে কেনাকাটার জন্য অনেকে এই শুক্রবারকেই বেছে নিয়েছিলেন। তবে এখন তাদের পরিকল্পনা বদলাতে হচ্ছে।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি সাহা (৩৫) বৃহস্পতিবার কিছু কেনাকাটার পর শুক্রবার আবার বের হওয়ার কথা ভাবছিলেন।
"গতকাল (বৃহস্পতিবার) ভিজে ঠাণ্ডা লেগে গেছে। আজ যে বৃষ্টি তাতে আর বের হওয়ার জো নেই", বলেন তিনি।
তার কথার সমর্থন মিললো সিএনজি অটোরিকশাচালক জসিম উদ্দিনের (৩২) কথায়ও।
তিনি বললেন, "শুক্রবার অফিস-আদালত নেই। মানুষ কেনাকাটার জন্য বের হলে আমরা ভাড়া পাই। আজ দুপুর পর্যন্ত ইনকাম (আয়) মাত্র দেড়শ টাকা। বৃষ্টি না হলে তা হাজার ছাড়াতো। যে বৃষ্টি; মনে হয় না কেনা কাটার জন্য আজ আর কেউ বের হবে।"
অন্যদিন রাত পর্যন্ত কাজ করলেও বৃষ্টির এই দিনে দুপুরের পরই গ্যারেজে অটোরিকশা জমা দিয়ে বাড়িতে সময় কাটানোর চিন্তা করছেন জসিম।
তারিক, মুক্তি ও জসিমকে যা অস্বস্তিতে ফেলেছে, তা আবার স্বস্তি মনে করছেন অনেকেই। এক সপ্তাহ আগেই ঢাকার তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে। প্রচণ্ড গরমে ছিলো হাঁসফাঁস অবস্থা। বৃষ্টির পর সেই তাপমাত্রা বৃহস্পতিবার নেমে আসে ২৫ ডিগ্রিতে।
"ভালোই হয়েছে এই বৃষ্টি হয়ে, গরম কমেছে", বললেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে রাশেদ হাসান। বৃষ্টিতে বাঙালির প্রিয় ইলিশ-খিচুড়ির পরিকল্পনা সাজিয়েছে তিনি। আর তাই বৃষ্টির মধ্যেই বাজারে গিয়ে কিনেছেন একটি ইলিশ মাছ।
বৃষ্টির এই স্বস্তির মধ্যে ঢাকার সেই পুরনো সমস্যা হিসেবে কয়েকটি স্থানে পানি জমেছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত তার পরিমাণ খুব বেশি নয়। আবহাওয়া অধিদপ্তর অবশ্য ভারী বর্ষণের আভাস দিয়ে রেখেছে। বৃষ্টি বাড়লে সেই দুর্ভোগের চিত্র আবার দেখা যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪০২ ঘ.
bdnews24