ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীতে জুতার রাসায়নিক (সলিউশন) তৈরির এক কারখানায় চুল্লিতে বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে শুক্রবার।
এ নিয়ে লিলি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ বুধবার লাগা ওই আগুনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০।
আগুনে দগ্ধ পাঁচজনকে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে সেখান থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে আমিনুর বেগম (৩৫) নামের একজন মারা গেছেন। ৭৮৬ দক্ষিণ দনিয়ার কদমতলী বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে থাকতেন তিনি।
এর আগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবগাত রাত ২টার দিকে রিমু বেগম (২৫) এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শিউলির (২৫) মৃত্যু হয়।
রিমুর স্বামীর নাম মো. জামাল হোসেন। তাদের দেশের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার খেলাপাড়ায়। ঢাকায় ৭৭১ দনিয়া বড়বাজার কদমতলীর বাসায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি।
শিউলির বাবার নাম মো. ইস্রাফিল। তাদের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কুপখালী গ্রামে। ঢাকায় দক্ষিণ যাত্রাবাড়ীর এক বাসায় বাবা-মার সঙ্গে থাকতেন তিনি।
এদিকে কারখানাটিতে আগুনে পুড়ে মারা যাওয়া মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থাকা অবশিষ্ট দু'টি লাশের মধ্যে একটির পরিচয় মিলেছে।
রুনিয়া (১২) নামে শিশুটির লাশ শুক্রবার সন্ধ্যার পর তার মা খাদিজা বেগম মর্গ থেকে নিয়ে যান।
ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন লাশটি হস্তান্তর করে রুনিয়ার মার হাতে ২০ হাজার টাকা তুলে দেন।
অবশিষ্ট আর একটি লাশের দাবিদার কোনো স্বজন শুক্রবার পর্যন্ত হাসপাতালে আসেনি।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রসাশক আবু হেনা মোরশেদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবশিষ্ট লাশটি সখি বানু নামে এক নারীর বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের মধ্যে সখি বানুর নাম আছে।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত কারখানার মালিকের নাম সেলিম এবং তার বাড়ি রংপুর এলাকায় বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারের জন্য সেখানে একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
গত বুধবার যাত্রাবাড়ীর জুতার রাসায়নিক তৈরির ওই কারখানায় আগুনে পুড়ে ৭জন ঘটনাস্থলেই নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এলএইচ/এএনএস/২২০০ ঘ.
bdnews24