২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জু হত্যা মামলার রায় এ মাসেই

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মী আসাদুজ্জামান সঞ্জু হত্যা মামলার রায় এ মাসেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 05:19 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মী আসাদুজ্জামান সঞ্জু হত্যা মামলার রায় এ মাসেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি রফিকুল ইসলাম। সংশ্লিষ্ট আদালতের বিচারক বিষয়টি তাকে নিশ্চিত করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি। রফিকুল ইসলাম জানান, ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গত বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ মামলার যুক্তিতর্ক গ্রহণ শুরু করেন। বৃহস্পতিবার আসামি পক্ষের যুক্তিতর্ক গ্রহণ শুরু হয়। আগামী রোববার বাদবাকি যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করা হয়েছে। গত ৩ জুন সঞ্জুর বাবা মোহাম্মদ আলীর জবানবন্দি গ্রহণের মধ্যে দিয়ে আলোচিত এ মামলার বিচার কাজ শুরু হয়। গত বছরের ৬ মার্চ বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বপালন শেষে বাসায় ফেরার পথে উত্তরার কাওলা ওয়েলফেয়ার মার্কেটের সামনে সঞ্জুকে (৩৪) গুলি করে সন্ত্রাসীরা। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সঞ্জুর বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ওইদিনই বিমানবন্দর থানায় একটি মামলা করেন। মারা যাওয়ার আগে সঞ্জু মামলার বাদির কাছে তার উপর হামলাকারীদের নাম বলে যান। মামলাটি বিচারের জন্য ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে যায়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে দ্রুত বিচারের জন্য গত ২৩ মে এ আদালতে মামলাটির নথিপত্র পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩০০ ঘ.