মাদারীপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার হযরত শাহজালাল (রা.) বিমানবন্দর থেকে অপহরণের ১৩ দিন পর মৌলবাজারের এক প্রবাসীকে মাদারীপুরে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে নূর আহমেদ নামের এই ব্যক্তিকে উদ্ধার করে র্যাব।
অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনজনকে। এরা হলেন- জিয়াউল হক, শফিক হাওলাদার ও লতিফ হাওলাদার। এরা কালকিনির বাসিন্দা।
নূর আহমেদ মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের এরশাদ আলীর ছেলে।
তিনি সাংবাদিকদের জানান, গত ২৪ সেপ্টেম্বর দুবাই থেকে দেশে ফেরেন তিনি। রাত পৌনে ১০টার দিকে বিমানবন্দর থেকে বের হয়ে ট্যাক্সি খুঁজছিলেন।
এ সময় ট্যাক্সিচালকের বেশে জিয়াউল হক, শফিক হাওলাদার, লতিফ হাওলাদারসহ কয়েকজন তাকে জোর করে একটি ট্যাক্সিতে তোলেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন।
নূর আহমেদ আরো বলেন, তিনদিন পর জ্ঞান ফিরলে তিনি মাদারীপুরের কালকিনিতে রয়েছেন বলে জানতে পারেন।
অপহরণকারীরা তার কাছে থাকা ৫ হাজার দিরহামসহ বিভিন্ন মালামাল নিয়ে নেয় এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি তিনি তার বড় ভাই আলী আহমেদকে জানান।
আলী আহমেদ জানান, মোবাইল ফোনে নূর আহমেদ তাকে জানান ১০ লাখ টাকা মুক্তিপণ না দিলে অপহরণকারীরা তাকে হত্যার করার হুমকি দিয়েছে।
পরে তিনি বিয়ষটি সিলেটের র্যাব-৯ কর্মকর্তাদের জানান। তারা তাকে মাদারীপুরে র্যাব-৮ এর কর্মকর্তাদের কাছে পাঠান।
মাদারীপুর ক্যাম্পের র্যাব কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট এম শামীম সরকার সাংবাদিকদের বলেন, অপহরণকারীদের কাছ থেকে একটি টিভি, একটি ডিভিডি, দুটি লাগেজসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নূর আহমেদ, মালামাল ও গ্রেপ্তারকৃতদের কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24