২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সিভিল সার্জনকে কারণ দর্শানোর নোটিশ

ঝিনাইদহ জেলা স্বাস্থ্য বিভাগের এমএলএসএস পদে নিয়োগ পরীক্ষার ফল বাতিল ও নয়জনের নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ জানাতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 03:14 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঝিনাইদহ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলা স্বাস্থ্য বিভাগের এমএলএসএস পদে নিয়োগ পরীক্ষার ফল বাতিল ও নয়জনের নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ জানাতে বলেছে আদালত। জেলা সিভিল সার্জন, নিয়োগ বোর্ডের দুই সদস্য ও এমএলএসএস পদে নিয়োগপ্রাপ্ত নয়জনসহ মোট ১২জনকে আগামী তিন দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়। বুধবার বিকালে জ্যেষ্ঠ সহকারি জজ আদালতের বিচারক বুশরা সৈয়দা এ নির্দেশ দেন। কারণ দর্শানোর নোটিশটি সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ওই কার্যালয়ের প্রধান অফিস সহকারী মোজাম্মেল হক। এমএলএসএস পদে নয়জনের নিয়োগে অনিয়মের অভিযোগ এনে গত মঙ্গলবার সদর উপজেলার খাজুরা গ্রামের লিটু বিশ্বাস সিভিল সার্জনসহ ওই ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, এমএলএসএস পদে মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় যে দু'জনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা মুক্তিযোদ্ধার সন্তান নয়। এ নিয়োগ অযৌক্তিক ও আইনবহির্ভুত। এছাড়া এমএলএসএস পদে ওই নয়জনের নিয়োগ বাতিল করে ডিক্রি জারিরও আবেদন করা হয়। বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়োগ বোর্ড অনিয়ম করে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় দু'জনকে নিয়োগ দিয়েছে।" তিনি জানান, লিটু বিশ্বাস এমএলএসএস পদে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আবেদন করেন। তার বাবা আজিজুর রহমান একজন মুক্তিযোদ্ধা। আকবর আলী বলেন, নিয়ম অনুযায়ী তিনটি এমএলএসএস পদে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়োগ পাওয়ার কথা। সরকারি কার্যালয়ে নিয়োগের ক্ষেত্রে ৩০ ভাগ পদে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়োগ সংরক্ষণের বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১১৪ ঘ.