২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনের বয়স পরীক্ষা করতে কাজীদের নির্দেশ

অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে রোধে বিয়ের সময় কনের জন্মনিবন্ধন সনদ দেখে বয়স পরীক্ষা করতে নিকাহ্ রেজিস্ট্রারদের (কাজীদের) প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে রোধে বিয়ের সময় কনের জন্মনিবন্ধন সনদ দেখে বয়স পরীক্ষা করতে নিকাহ্ রেজিস্ট্রারদের (কাজীদের) প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ কুমিল্লার চৌদ্দগ্রামের জনৈক নিকাহ্ রেজিস্ট্রার মো. আবুল হোসেনের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়। বয়স পরীক্ষা না করে অপ্রাপ্তবয়স্ক এক কনের বিয়ে দেওয়ার অভিযোগে গত ১৮ মে আইন মন্ত্রণালয় আবুল হোসেনের লাইসেন্স বাতিল করে দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে আবুল হোসেন গত ৭ জুন হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে তার রিট আবেদনটি খারিজ করে দেয়। রায়ের পর সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে রোধে কনের বয়স পরীক্ষা করার জন্য কাজীদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮৪৮ঘ.