২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে পটুয়াখালীর উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

পটুয়াখালী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে পটুয়াখালীর উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দুদিনের টানা বৃষ্টি আর প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে জেলার নিুাঞ্চল। বুধবার দিবাগত রাতে প্রবল জোয়ারের ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলাপাড়া উপজেলার লালুয়া পয়েন্টে ২টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এখানকার চান্দুপাড়া, বুড়োজালিয়া, মুন্সিপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া ও চৌধুরীপাড়ার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কয়েকটি পরিবার বেড়িবাঁধের উপর আশ্রয় নিয়েছে। তিনি জানান, রাতে প্রবল জোয়ারে কুয়াকাটা খাজুরা পয়েন্টে পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। এসব এলাকার বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটান। উপকূলীয় এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। চরগঙ্গামতি গ্রামের নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাগরের ৪ থেকে ৫ ফুট উঁচু ঢেউ আছড়ে পরছে তীরে। শতশত মাছ ধরা ট্রলার উত্তাল সাগরে টিকতে না পেরে বিভিন্ন মোহনায় নোঙর করেছে। সাগর ক্রমশ উত্তাল হয়ে উঠছে। রাতে প্রবল জেয়ারে পানিবন্দি হয়ে পড়ে তাদের এলাকার কয়েক হাজার মানুষ। কিন্তু ভাটায় পানি নেমে যাওয়ায় পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়ে এসেছে। আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. শরীফ জানান, বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত গত ৩৩ ঘন্টায় ২৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুয়াকাটাসহ পটুয়াখালীর উপকূলীয় এলাকা উত্তাল হয়ে আছে। পটুয়াখালী নৌবন্দরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, "বৈরী আবহাওয়ার দরুন জেলার অভ্যন্তরীন রুটে চলাচলকালী ৬৫ ফুটের কম দৈর্ঘ্যরে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।" কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসিরউদ্দিন বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবল জোয়ারের কারণে কুয়াকাটা সংলগ্ন আলীপুর, হাজীপুর ও কলাপাড়া ফেরির পন্টুন ডুবে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সারাদেশের সাথে কুয়াকাটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লাউকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, জোয়ারের তোড়ে লাউকাঠি বাজার ও ডকইয়ার্ড এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। সেখানে অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বড় বাইশদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভূইয়ার খাল, কাজিকান্দা ও চরবোগলা এলাকা পানির নিচে ডুবে আছে। খাসমহল এলাকায় পানির তোড়ে একমাত্র সেতুটি ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি জানান, বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। প্রবল জোয়ারে ভেসে গেছে কয়েক'শ ঘেরের কোটি কোটি টাকার মাছ। রাঙাবালী থেকে স্কুল শিক্ষক নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গঙ্গারচর, নয়াভাঙ্গুনি, চরএমালশন, চরহালিম এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট উঁচু পানি প্রবাহিত হচ্ছে। এসব গ্রামের অপেক্ষাকৃত নিচু ঘরে পানি ঢুকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫১৪ ঘ.