২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে লাশ খুঁজে বেড়াচ্ছে স্বজনরা

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ খুঁজছে যাত্রাবাড়ীর জুতার রাসায়নিক তৈরির কারখানায় আগুনে নিহত সাত শ্রমিকের স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 06:51 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ খুঁজছে যাত্রাবাড়ীর জুতার রাসায়নিক তৈরির কারখানায় আগুনে নিহত সাত শ্রমিকের স্বজনরা। মর্গে রাখা নিহতদের শরীর ও মুখ আগুনে ঝলসে বিকৃত হয়ে যাওয়ায় তাদের সনাক্ত করা যাচ্ছে না। এমনকি নারী-পুরুষ পর্যন্ত চিহ্নিত করা যাচ্ছে না বলে জানিয়েছে নিহতের স্বজনরা। বুধবার রাতে নিহতদের স্বজনের আজহারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালে পরিবেশ। আমির হোসেন খুঁজছিলেন তার ছেলের বউ শাহীনুর, মেয়ে কহিনুর ও তাদের বাসার ভাড়াটিয়া সুমির মৃতদেহ। এই তিনজনই ওই কারখানায় কাজ করতেন। স্বজনদের লাশ চিহ্নিত করতে না পেরে হাউমাউ করে কাঁদতে থাকেন আমীর হোসেন। কিছুক্ষণ পরই আবার তিনি পোড়া দুটি মৃতদেহকে শাহীনুর ও সুমির বলে বিলাপ করে কাঁদতে শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে মৃতদেহ দু'টি দেয়নি। সেখানে উপস্থিত যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য কেউ যদি ওই মৃতদেহ তাদের স্বজনের বলে দাবি না করে তাহলে সেগুলো আমির হোসেনকে দেওয়া হবে। আমরা নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেলিনা নামে একজন খুঁজছেন তার বোনের মেয়ে সখিকে। সেলিনা জানান, সখি ওই কারখানায় কাজ করত। আগুন লাগার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেলিনা বলেন, "ঢাকা মেডিকেল কলেজে আহতদের মধ্যে সখিরে খুঁজে না পেয়ে এখানে (মর্গে) তারে খুঁজতে আসছি। কিন্তু এখানে আমি কাউরে চিনতেই পারছি না।" যাত্রাবাড়ীর রোমান এসেছিলেন তার খালা আলেয়া ও আকলিমার লাশের সন্ধানে। কিন্তু বেশকিছুক্ষণ চেষ্টার পরও খালাদের লাশ সনাক্ত করতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হেনা মোরশেদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার আগে কোনো স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে না। তিনি বলেন, "মর্গে সার্বক্ষণিক একজন ম্যাজিস্ট্রেট থাকবেন। লাশের দাবিদার সুনিশ্চিতভাবে সনাক্ত করার পর যদি কোনো সন্দেহ না থাকে তবে ওই স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।" সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সামিউল ইসলাম সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বজনদের দাবি অনুযায়ী লাশ সনাক্ত করা সম্ভব না হলে ডিএনএ টেস্টের মাধ্যমে তা সনাক্ত করা হবে। বুধবার বিকালে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতার রাসায়নিক (সলিউশন) তৈরির কারখানার চুল্লিতে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত আরো পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/এএইচএ/এএনএস/এইচএ/০০৪০ ঘ.