২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে বললেন শিক্ষামন্ত্রী

প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্রসমাজকে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 06:22 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্রসমাজকে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে স্প্যানিশ ভাষা শিক্ষার জন্য নব-নির্মিত ফ্লোরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইনডিটেক্স নামের একটি স্প্যানীয় প্রতিষ্ঠানের অর্থায়নে ইন্সটিটিউটের দ্বি-তল ভবনে আরো একতলা নির্মাণ করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, "সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাইকে প্রযুক্তির জ্ঞানে সামর্থ করার চেষ্টা করছি। তবে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি ছাত্রসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।" বাংলাদেশের সঙ্গে স্পেনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উল্লেখ করে তিনি বলেন, "ভাষা ইন্সটিটিউটে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে আমাদের সে সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে।" অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আরটুরো পেরেজ মার্টিনেজ বলেন, সমৃদ্ধ স্প্যানিশ ভাষা শিক্ষার মাধ্যমে দু'দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার হবে। বাংলাদেশী শিল্পীদের পরিবেশনায় স্প্যানিশ ভাষায় সঙ্গীত ও কবিতা আবৃত্তিতে মুগ্ধ হয়েছেন তিনি। অনুষ্ঠানের সভাপতি ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিদেশি প্রতিষ্ঠানগুলোকে এদেশের শিক্ষাখাতে বিশেষ করে ঢাবির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, ইনডিটেক্সের জেনারেল কাউন্সেল অ্যান্টোনিও আবরিল আবেদিন, স্পেনের সান্টিয়েগো ইউনিভার্সিটির রেক্টর জেন জোসে লং ক্যাসেরেস, স্পেনের ক্যারোনা ইউনিভার্সিটির রেক্টর জোসি মারিয়া বার্জু পেরেজ ও আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক মো. আবদুর রহিম। আলোচনা অনুষ্ঠানের আগে বাংলা ও স্প্যানিশ ভাষায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.