শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীর লিলি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা দুই হাজার টাকা বেতন পেতেন বলে জানিয়েছেন শ্রমিকদের স্বজনরা। অগ্নিকাণ্ডের পর স্বজনদের খুঁজতে আসা আত্মীয়রা এ কথা বলেন।
যাত্রাবাড়ী অগ্নিকাণ্ডের ঘটনার পর স্ত্রীকে খুঁজতে আসা মনু মিয়া দু হাজার টাকা বেতনের জন্য স্ত্রীকে প্রাণ দিতে হলো বলে আহাজারি করছিলেন।
শুধু মনু মিয়া নয়। যাত্রাবাড়ীতে অগ্নিকাণ্ডস্থলে স্বজনদের খুঁজতে আসা সবাই জানান, সকাল থেকে রাত অবধি কাজ করে মাত্র দুই হাজার টাকা পেতেন শ্রমিকরা।
স্থানীয় এলাকাবাসী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কারখানায় কাজ চলত। কারখানায় বাইরে থেকে তালা দিয়ে ভেতরে কাজ চলত।"
জামাল নামে একজন জানান, সকাল থেকে রাত অবধি জুতার সলিউশন বোতলে ভরার কাজ করতেন তার স্ত্রী আলেয়া।
স্থানীয়রা জানান, দুই বছর আগেও ঘটনাস্থলের পাশে আর একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছিল। কোনো নজরদারি না থাকায় আশেপাশে প্রায় আরো কয়েকটি এ ধরনের ক্যামিকেল ফ্যাক্টরি গড়ে ওঠে।
আব্বাস মিয়া নামে এক স্থানীয় জানান, মেজর সাইদ নামে এক ব্যক্তি ঘটনাস্থল ও তার আশপাশের জায়গায় এ ব্যাবসা চালিয়ে আসছেন।
স্থানীয়রা আরো জানায়, সেলিম মিয়া নামে এক ব্যক্তি এ কারখানার মালিক। তবে কারখানার মালিক পক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২২৪৬ ঘ.
bdnews24