ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সন্দেহভাজন দুই সদস্যকে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
এরা হলেন-আব্দুল মালেক ওরফে গোলাম মাওলা (৪৬) এবং মো. সাফি ওরফে সামিউল্লাহ (৩০)।
বুধবার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম কামরুন্নাহার রুমী এ আদেশ দেন। এসময় তাদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস আলী এ দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, আব্দুল মালেক এবং সাফি এদেশে জেএমবি ও হরকাতুল জিহাদসহ অন্যান্য জঙ্গি সংগঠনকে আবারো শক্তিশালী করে তুলতে নানাভাবে সাহায্য করে আসছে। এসব অপতৎপরতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে তাদের হেফাজতে নেওয়া প্রয়োজন।
আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নওয়াজেশ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে এই দু'জনকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত শনিবার রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়াল থেকে লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরা সবাই পাকিস্তানী পাসপোর্টধারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এএনএস/এইচএ/১৯৫৮ ঘ.
bdnews24