ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম)- চট্টগ্রাম বন্দর পরিচালনা ও উন্নয়নে সুপারিশ এবং বন্দরের কার্যক্রম সমন্বয়ে নৌমন্ত্রীকে প্রধান করে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি করেছে সরকার।
নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনের ফলে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত উপদেষ্টা কমিটির কার্যকারিতা শেষ হয়েছে।
চবক আইন ১৯৭৬-এর ৮ ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিটিকে প্রতি তিন মাসে অন্তত একটি সভা করতে হবে।
এতে আরো বলা হয়েছে কমিটি বন্দর ব্যবহারকারী ও সম্পর্কিত সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় করা, প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং বন্দরের কার্যক্রম সম্পর্কিত সরকারি সার্কুলার, আইন বা বিধি সংশোধনের প্রয়োজনে সরকারকে সুপারিশ করতে পারবে।
৪১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটিতে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে সভাপতি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও চট্টগ্রামের মেয়রকে কমিটিা সদস্য করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীও।
চট্টগ্রামের সাংসদ প্রকৌশলী মোশাররফ হোসেন, আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম ফজলে করিম চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরী, নূরুল ইসলাম বিএসসি, মঈনউদ্দিন খান বাদল, সামশুল হক চৌধুরী, আব্দুল লতিফ এবং মোস্তফা কামাল পাশাকেও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের মধ্যে নৌ-সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার, স্থানীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম নৌ-বাহিনীর কমোডর কমাণ্ডিং, শিপিং করপোরেশনের চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ও কোস্টগার্ডের মহাপরিচালকও এতে সদস্য রয়েছেন।
ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে কমিটিতে রাখা হয়েছে- এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার, শিপার্স কাউন্সিল, রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার এসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, অয়েল ট্যাংকার্স এসোসিয়েশন, কার্গো ভেসেলস ওনার্স এসোসিয়েশন, বন্দর শ্রমিক ইউনিয়ন (সিবিএ), বার্থ অপারেটর্স এসোসিসেয়শন, কোস্টাল ভেসেল ওনার্স এসোসিয়েশন, ফ্রেইট ফরোয়ার্ডার্স এজেন্টস এসোসিয়েশন, শিপিং এজেন্টস এসোসিয়েশন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতিদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/পিডি/১৭২৯ ঘ.
bdnews24