চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহর হাউজিং এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।
পুলিশ জানিয়েছে, হালিশহর হাউজিং এস্টেট এলাকার বি ব্লকের ২ নম্বর সড়কের ১৯ নম্বর লেইনের ১৮ নম্বর বাড়িতে বুধবার ভোররাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহকারী অর্থ সম্পাদক সাইদুল ইসলাম ও তার স্ত্রী পারভিন আক্তার আহত হয়েছেন।
পরিবারের সদস্যদের বরাত হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬/৭ জনের সশস্ত্র ডাকাতদল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির দারোয়ানকে বেঁধে ফেলে। এরপর ঘরের সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে মোট ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে সাইদুল ও পারভিন আহত হন।
সানাউল্লাহ জানান, এ ঘটনায় সাইদুল ইসলাম বাদি হয়ে হালিশহর থানায় একটি মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/এজে/১৫২২ ঘ.
bdnews24