সাতক্ষীরা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
মঙ্গলবার দুপুরে শ্যামনগর ও বিকালে সদর উপজেলার তলুইগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্যামনগর উপজেলার পশ্চিম পাতাখালী গ্রামের নির্মল সরকারের ছেলে সৌমিত্র (১৫) ও একই গ্রামের সঞ্জয় সরকারের ছেলে হরিপদ সরকার (১৮)।
এরা দুজন পাতাখালী স্কুলের ছাত্র ছিলো।
নিহত আরেকজন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের আনছার আলী গাজীর ছেলে ইয়ারুল ইসলাম (২৫)।
শ্যামনগরের পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, ইউনিয়নের পাতাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ স্কুলছাত্র দুপুরে বাড়ি ফিরছিলো।
হঠাৎ বজ্রপাতে তাদের মধ্যে সৌমিত্র ও হরিপদ মারা যায়।
পথচারীরা আহত অপর তিন ছাত্রকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসে।
সদর উপজেলার তলুইগাছা গ্রামে বিকালে বজ্রপাতে ইয়ারুল ইসলাম মারা যায়।
তার বাবা আনছার আলী গাজী জানান, ইয়ারুল ও তিনি বাড়ির পাশের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে ছেলে ইয়ারুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৫ ঘ.
bdnews24