২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী অধিকার রক্ষায় সার্ক দেশগুলো একযোগে কাজ করবে

ঢাকা ঘোষণার মধ্য দিয়ে নারী অধিকার বিষয়ক ৭ম দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 07:02 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ঘোষণার মধ্য দিয়ে নারী অধিকার বিষয়ক ৭ম দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। তিনদিনের এই সম্মেলনে নারী পাচার এবং নারীর প্রতি সহিংসতা রোধসহ বিভিন্ন বিষয়ে সার্ক দেশগুলোর একযোগে কাজ করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী। সম্মেলন শেষে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নারীর উন্নয়নে আঞ্চলিক কর্মপরিকল্পনা প্রণয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।" প্রতিমন্ত্রী জানান, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে ১৯৯৫ সালে বেইজিংয়ে সিডও সম্মেলনে গৃহীত কর্মপরিকল্পনার বাস্তবায়ন পর্যালোচনা এবং পরবর্তী করণীয় বিষয়ে সম্মেলনে আলোচনা হয়। এতে ভবিষ্যতে বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, খাদ্যনীতি, শিল্পনীতি ও শিক্ষানীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান শিরীন শারমিন। নেপালের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী রাম বচন আহির যাদব, মালদ্বীপের স্বাস্থ্য ও পরিবার বিষয়ক উপ-মন্ত্রী মারিয়া আলী, শ্রীলংকার শিশু উন্নয়ন ও মহিলা বিষয়ক উপ-মন্ত্রী এম এল এ এম হিজবুল্লাহ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মহিলা বিষয়ক উপদেষ্টা ইয়াসমিন রেহমান, ভারতের মহিলা ও শিশু উন্নয়ন সচিব ডিকে সিক্রি ও ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো বাপ কেসাং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিফেম (ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার মন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মোট ৮০ জন অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২২২৭ ঘ.