ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ে ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও ময়মনসিংহে চার শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে বহু গাছপালা।
মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে ঘর ও গাছ চাপা পড়ে আহত হয়েছে অন্তত ৩০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মবাড়িয়া: নবীনগর উপজেলায় বিকালে পাঁচটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়িঘর ও দোকানপাট।
আহতদের মধ্যে জহুরা খাতুন ও আব্দুল মতিনকে ঢাকা, নজরুল ইসলামকে কুমিল্লায়, নবী হোসেন ও অজ্ঞাত এক মহিলাকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী জিনুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ জানান, বিকাল ৩টার দিকে কয়েকমিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে জিনুদপুর ইউনিয়নের হুরুয়া, জিনুদপুর, করুইবাড়ি, লাউয়ের ফতেহপুর, বিটঘর গ্রামের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। পরে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
গাইবান্ধা: সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট, এবং সদরের খোলাহাটি, গিদারি, ঘাগোয়া, লক্ষ্মীপুর, কুপতলা ও বোয়ালি ইউনিয়েনে ঘূর্ণিঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বহু গাছপালা উপড়ে পড়েছে।
খোলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হক্কানী বলেন, হাসেম বাজারসহ ইউনিয়নের বেশকিছু এলাকার কাঁচা-আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কোথাও আহত হবার খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ: বিকালে ঘূর্ণিঝড়ে ঈশ্বরগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের ৬টি গ্রামের প্রায় দুই শতাধিক কাঁচা-পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর, কালান্দর ও পাড়া খালবালা এবং সরিষা ইউনিয়নের মারোয়াখালি, খুর্শিপাড়া, মাছিমপুর, ও এনায়েতপুর।
আঠারোবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম হোসেন জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকের ঘূর্ণিঝড় বয়ে যায়।
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, আঠরোবাড়ি ইউনিয়নের তিনটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিষা ইউনিয়নের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24