ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার চার নদীর অবৈধ স্থাপনা উদ্ধারসহ হাইকোর্টের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য দুই বছর সময় চেয়েছে সরকার।
সরকারের পক্ষে মঙ্গলবার এ আবেদন জানানো হয়েছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বুধবার এ বিষয়ে আদেশ দেবে।
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকারের প্রতি বেশ কয়েকটি নির্দেশনা ৩০ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের আদেশ রয়েছে আদালতের।
সময় চাওয়ার কারণ তুলে ধরে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় বাস্তবায়নের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। তবে এ জন্য আরো সময়ের প্রয়োজন।
তবে সরকারের আবেদনের বিরোধিতা করেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর মনজিল মোরসেদ।
২০০৯ সালের ২৫ জুন এ সংগঠনের করা একটি রিট আবেদনেই হাইকোর্ট বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকারের প্রতি বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে রায় দিয়েছিলো।
নদীর মধ্যে থাকা ময়লা-আবর্জনা, বালু, মাটিসহ যাবতীয় দ্রব্য ২০১০ এর ৩০ নভেম্বরের মধ্যে অপসারণ করতেও নির্দেশ দেওয়া হয়।
এরপর সংগঠনটির অপর একটি আবেদনে গত ২৪ জানুয়ারি হাইকোর্ট আগামী ৩০ নভেম্বরের মধ্যে নদী চারটির ভেতরের সব স্থাপনা অপসারণ করতে ফের সরকারকে নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৯৫৮ ঘ.
bdnews24