২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে ছিনতাই

রাজধানীতে এক ব্যক্তিকে গুলি চালিয়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক ব্যক্তিকে গুলি চালিয়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায় বলে গুলিবিদ্ধ ব্যক্তির সঙ্গী পুলিশকে জানিয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি শহীদুল হক। ডান পায়ে গুলিবিদ্ধ ইউনুস মুন্না (৩৭) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অবৈধ হুন্ডি ব্যবসায় জড়িত বলে পুলিশ জানিয়েছে। তার সঙ্গী মোসাাব্বর হোসেন রানাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিজেকে মুন্নার কর্মচারী পরিচয় দিয়ে রানা পুলিশকে জানিয়েছে, দুপুরে মতিঝিল প্রাইম ব্যাংক থেকে ৭২ লাখ টাকা তোলে তারা। সে টাকা বিভিন্ন জনকে দেওয়ার পর ৩২ লাখ টাকা ছিলো। বিকাল সাড়ে ৪টার দিকে রিকশায় চেপে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের দিকে যাওয়ার সময় মটর সাইকেল আরোহী দুই যুবক তাদের গতিরোধ করে বলে রানা জানায়। রানা বলেন, মটর সাইকেল আরোহীরা অস্ত্র বের করলে তিনি দৌড়ে পালান। অস্ত্রধারী একজন মুন্নার পায়ে গুলি করে টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। ওসি বলেন, "পুরো ঘটনাটি রানার মুখ থেকে শোনা। তাছাড়া মুন্না সুস্থ হলে তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। রানা এ পর্যন্ত যা বলেছে তা সত্য কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯২২ ঘ.