২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নদীতে তিতাসের গ্যাস, মাছের মড়ক'

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের গ্যাস নদীর পানিতে মেশার কারণে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মড়ক দেখা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 04:32 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের গ্যাস নদীর পানিতে মেশার কারণে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মড়ক দেখা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। জেলা শহরতলীর সুহিলপুর ও মজলিশপুর ইউনিয়ন এলাকায় তিতাস নদীর তলদেশের অসংখ্য ফুটো দিয়ে অন্তত ১০ কিলোমিটার ব্যাসের এলাকায় অবিরাম গ্যাস উদগীরণ হচ্ছে। সোমবার সকালে এই নদী এবং এর সঙ্গে যুক্ত খালগুলোতে বহু ছোটবড় মাছ ও জলজ প্রাণী মরে কিংবা আধমরা হয়ে ভেসে ওঠে। এলাকার মানুষ জালসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে এসব মাছ ধরতে নামে। নদীর তলদেশ দিয়ে বুদবুদ আকারে বের হওয়া গ্যাস পানিতে মিশছে। এ কারণে পানিতে অক্সিজেনের ঘাটতি থেকে মাছের মড়ক দেখা দিয়েছে বলে রসায়নের এক অধ্যাপক মনে করছেন। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ ধারণা নাকচ করে দিয়েছে। মাছের মড়কে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে। তিতাস নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে অনেকেই মনে করছেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিতাস গ্যাসে মিথেনের পরিমাণ বেশি হওয়ায় পানিতে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমে মাছের মড়ক দেখা দিতে পারে। "শুধু জলজ প্রাণীই নয়, সূর্যের আলোতে মিথেন গ্যাস ও অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি করে জনস্বাস্থ্যেরও মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।" তবে তিতাস গ্যাস ফিল্ডের তদারকী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল ইসলাম এর সঙ্গে দ্বিমত প্রকাশ করছেন। তিনি বলছেন, গত চার বছর গ্যাস উদগীরণ হচ্ছে। মিথেনের কারণে জলজ প্রাণীর মৃত্যু হলে এতোদিনে তিতাস নদীর সব প্রাণী মারা যেত। অন্য কোনো কারণে মাছ মারা যাচ্ছে বলে তিনি দাবি করছেন। শহরের তিতাস খালের তীরবর্তী এলাকার বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভরা বর্ষা মৌসুমে হঠাৎ মাছ মরে ভেসে উঠছে শুনে আতঙ্কিত হয়ে পড়েছি। গত ৫০ বছরেও নদীতে মাছের মড়কের কথা শোনেননি বলে তিনি জানান। ২০০৬ সাল থেকে তিতাস গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপের ত্র"টির কারণে তিতাস নদীর পূর্ব পাড়ের আনন্দপুর, শ্যামপুর এবং পশ্চিম পাড়ের বাকাইলসহ আশপাশের গ্রামগুলোতে গ্যাস উদগীরণ শুরু হয়। এটি থামাতে ৩ নম্বর কূপ বন্ধ করা হয়। কিন্তু উদগীরণ থামেনি। তিতাস নদীর তলদেশের অসংখ্য ফুটো দিয়ে গ্যাসের বুদবদু বের হওয়া অব্যাহত থাকে। স্থানীয় সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক সময় তিতাস নদীর মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হতো পাশের দেশ ভারতের ত্রিপুরা রাজ্যে। কিন্তু গ্যাসের কারণে নদীর পানি বিষাক্ত হয়ে মাছের মড়ক দেখা দেওয়ায় রপ্তানি তো দূরের কথা এখন স্থানীয় চাহিদাই মিটছে না। দ্রুত এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নিলে নদীর জীব বৈচিত্র বিপন্ন হওয়াসহ মাছ সঙ্কটের আশঙ্কা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১০২৭ ঘ.