ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার বিমানবালা কামরুন্নাহার টুটুল হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মহানগর হাকিম তানিয়া কামাল তার খাস কামরায় এ জবানবন্দি নেন।
তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কামরুন্নাহারকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম।
জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
গত বুধবার ভোরে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা কামরুন্নাহারের ব্যাগেজ স্ক্যান করে আড়াই কোটি টাকার সমপরিমাণ বিভিন্ন বিদেশি মুদ্রা পান।
পরে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২১৪ ঘ.
bdnews24