চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ বছর ধরে ছাড়পত্র ছাড়া কাচ উৎপাদন করার অপরাধে নগরীর কালুরঘাটে রাষ্ট্রায়ত্ত্ব এক কারখানার ১০ লাখ টাকা জরিমানা হয়েছে।
সোমবার নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরিকে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানাটি ১৩ বছর ধরে ছাড়পত্র ছাড়া কাচ উৎপাদন করে আসছিল।
পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী 'লাল' তালিকাভুক্ত এ কারখানায় গ্লাস শিট তৈরির কাঁচামাল হিসেবে ডলোমাইট ব্যবহার করা হয় উল্লেখ করে মুনীর চৌধুরী বলেন, "ডলোমাইট গুঁড়ো করার সময় ধূলো সৃষ্টি হয় যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা প্রতিষ্ঠানটিতে নেই।"
তিনি জানান, অভিযানে কারখানা জুড়ে ব্যাপক বায়ু, পানি ও শব্দদূষণের প্রমাণ পাওয়ায় ও ছাড়পত্র না থাকায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের অভিযান দলটি চট্টগ্রাম কলেজ রোড সংলগ্ন প্যারেড ময়দানের পশ্চিম পাশের 'সাফ হোল্ডিংস লিমিটেড' নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করে।
তিনি জানান, বহুতল ভবন নির্মাণের সময় ভূমিধস প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করে পরিবেশের ক্ষতিসাধন এবং পার্শ্ববর্তী আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ করার অপরাধে এ জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৭ ঘ.
bdnews24