২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানথ্রাক্স: মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ মুরগি ব্যবসায়ীদের

মুরগি ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে অ্যানথ্রাক্স (তড়কা) আতঙ্ক ছড়াচ্ছে বলে সরকারের অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুরগি ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে অ্যানথ্রাক্স (তড়কা) আতঙ্ক ছড়াচ্ছে বলে সরকারের অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। ব্রিডার্স অ্যাসোসিয়েশন হলো মুরগির বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি মালিকদের সংগঠন। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়ানো হচ্ছে। এজন্য মুরগি ব্যবসায়ীদের দায়ী করেন তিনি। ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের এ বক্তব্য দুঃখজনক। ভুল তথ্য দিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।" অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়ানোর সঙ্গে মুরগি ব্যবসায়ীদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। মন্ত্রী বলেছিলেন, ঈদে মানুষ যেন গরু-ছাগলের মাংস না খায়, সেজন্য পরিকল্পিতভাবে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়ানো হচ্ছে। মুরগি ব্যবসায়ীদের সাতটি প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত বলে গোয়েন্দা রিপোর্ট এসেছে। জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে আব্দুল লতিফ বিশ্বাস সেদিন জানালেও তাদের নাম প্রকাশ করেননি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "অ্যানথ্রাক্স আতঙ্কের কারণে ভোক্তাদের মাঝে উৎকন্ঠা তৈরি হওয়ায় সরকারের পাশাপাশি মুরগি ব্যবসায়ীরাও উদ্বিগ্ন। এক্ষেত্রে গরু-খাসির মাংসের বিক্রেতা, সরকার বা অন্য কোনো পক্ষের সঙ্গে তাদের বিরোধ নেই।" অ্যানথ্রাক্স আতঙ্ক দূর করতে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। এজন্য ব্যবসায়ীরা সরকারের সঙ্গে একযাগে কাজ করতে আগ্রহী বলেও অ্যাসোসিয়েশন জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে ৪৮টি গরু এবং ৫৬টি ছাগল অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। আক্রান্ত মানুষের সংখ্যা পাঁচশ'রও বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএনএস/এইচএ/২০১১ ঘ.