২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচার হওয়া ৬ তরুণীকে ফেরত

ভারতে পাচার হয়ে যাওয়া ছয় তরুণীকে ফেরত পাঠিয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

বেনাপোল, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতে পাচার হয়ে যাওয়া ছয় তরুণীকে ফেরত পাঠিয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সন্ধ্যায় যশোরের বেনাপোল চেকপোস্টে বিডিআরের কাছে তাদের হস্তান্তর করা হয়। ২২ রাইফেলস ব্যাটালিয়নের সুবেদার হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, ফেরত আসা তরুণীদের বেনাপোল বন্দর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তিনি জানান, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি নারী পাচারকারীচক্র এসব তরুণীকে সীমান্ত পথে ভারতে পাচার করে। তারা ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ার পর মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামের স্বেচ্ছাসেবী সংগঠন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনে। তরুণীরা জানান, এক মহিলা ভালো কাজ দেওয়ার কথা বলে তাদের ভারতে নিয়ে যায়। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। পরে সংলাপ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিয়ে সংগঠনটির আশ্রয়ে নিয়ে যায়। ফেরত আসা ছয় তরুণী হলেন- নড়াইলের রুখালী গ্রামের লাকী খান (১৬), একই জেলার কদমতলা এলাকার মনিরা বেগম (১৮), ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার সেলিনা শেখ (১৫), পটুয়খালীর নাজিরপুর গ্রামের লাকী খানম (১৭), ঢাকার কোনাবাড়ী এলাকার মায়া ওরফে ময়না খান (১৬) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আছপাখিরা গ্রামের জামিলা বিবি (১৯)। বেনাপোল বন্দর থানার ওসি আবু বকর সাংবাদিকদের জানান, এই ছয় তরুণীকে মহিলা আইনীজীব সমিতির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০১ ঘ.