ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী বিষয়ে আপিল বিভাগের রায়ে '৭২-এর আদি সংবিধান পুনঃস্থাপিত হয়েছে উল্লেখ করে হাইকোর্ট সোমবার বলেছে, বাংলাদেশ এখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২২ আগস্টের এক রিটের চূড়ান্ত রায়ে সোমবার এ অভিমত দেয়।
আদালতের রায়ে বলা হয়, "বাংলাদেশ এখন থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সংবিধানের পঞ্চম সংশোধনী বিষয়ে আপিল বিভাগের রায়ের সঙ্গে সঙ্গে '৭২ আদি সংবিধান পুনঃস্থপিত হয়ে গেছে। এতে ধর্ম নিরপেক্ষতাও ফিরে এসেছে। ওই সংবিধানের মূল চার নীতির অন্যতম ছিল ধর্ম নিরপেক্ষতা।"
"পঞ্চম সংশোধনীর রায়ের পর দেশে আদি সংবিধানে ফিরে এসেছে," উল্লেখ করে রায়ে বলা হয়,"সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী এই সংবিধান আমরা মানতে বাধ্য। এর আলোকেই আমরা রায় দিতে বাধ্য। অন্য সংবিধান স্বীকার করতে বাধ্য না।"
গত ২২ অগাস্ট দৈনিক কালের কন্ঠে 'নাটোরের সরকারি রানী ভবানী মহিলা কলেজ, বোরকা না পরলে আসতে মানা' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মাহবুব শাফি ও কে এম হাফিজুল আলমের করা জনস্বার্থ রিট আবেদনে আদালত ওইদিনই স্বপ্রণোদিত হয়ে মেয়েদের বোরকা পরতে বাধ্য না করা বিষয়ে একটি আদেশ দেয়।
ওই আদেশে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে বোরকা পরতে বাধ্য না করার নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে মেয়েদের বাদ না রাখারও আদেশ দেওয়া হয়।
একইসঙ্গে ওই আদেশে বোরকা পরতে বাধ্য করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে মেয়েদের বাদ রাখাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন সপ্তাহ সময় দেয় আদালত।
আদালতের সোমবারের রায়ে বলা হয়, "সুতবাং ধর্ম নিরপেক্ষ দেশে কোনো ব্যক্তিকে কোনো ধর্মীয় পোষাক পরতে বাধ্য করা যায় না। সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কোনো ধর্মীয় পোষাক কারো ওপর চাপিয়ে দেওয়া যাবে না।"
"একই কারণে কাউকে কোনো ধর্মীয় পোষাক পরতে নিষেধও করা যাবে না। প্রতিটি মানুষের অধিকার রয়েছে শালিনতা বজায় রেখে তার পছন্দ অনুযায়ী পোষাক পরিধানের।"
২০০৫ সালের ২৯ অগাস্ট হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়।
আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দেয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলেও হাইকোর্টের ওই রায়ের অভিমত দেওয়া হয়।
রায় স্থগিতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আবেদন করলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার সে আবেদন প্রত্যাহার করে নেয়।
এরপর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন।
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন গত ২ ফেব্র"য়ারি খারিজ করে আপিল বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৮২৮ ঘ.
bdnews24