ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় রোববার গভীর রাতে ভাড়াটিয়ার ঘর থেকে এক গৃহকর্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নূরজাহান বেগম (৪২) বাড্ডার ১১২/১১৩ জোয়ার সাহারা বাড়ির গৃহকর্ত্রী। তার স্বামীর নাম সাইফুল ইসলাম।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দিবাগত রাত ৩ টার দিকে নূরজাহান বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সাইফুল ইসলামের বাড়ির ছোট ছোট কয়েকটি ঘর ভাড়া দেওয়া; একটি ঘরে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।
এসআই শাহজাহান জানান, গত ২১ সেপ্টেম্বর মুরগী ব্যবসায়ী পরিচয়ে দুই যুবক ছোট এই ঘরটি ভাড়া নেয়। পাশেই এ ধরণের কয়েকটি ছোট ঘরে অন্য ভাড়াটিয়াও রয়েছে।
একই বাড়িতে পৃথক ঘরে স্বামী সন্তান নিয়ে বাস করতেন নূরজাহান বেগম।
শাহজাহান জানান, রোববার দুপুরের পর থেকে নূরজাহান বেগমকে পাওয়া যাচ্ছিল না। বাড়ির সবাই চারদিকে খোঁজাখুঁজি করছিলেন। রাত ১০টার দিকে ছোট কক্ষটি তালাবদ্ধ দেখে অন্য ভাড়াটিয়াদের একজন জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে মেঝেতে একজনকে পড়ে থাকতে দেখে।
পরে দরজার তালা ভেঙ্গে মেঝেতে নূরজাহান বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান উপপরিদর্শক শাহজাহান ভুইয়া।
তিনি বলেন, "নতুন ভাড়াটিয়ারা কৌশলে গৃহকর্ত্রীকে ডেকে নিয়ে এই হত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মুরগী ব্যবসায়ী পরিচয়ধারী যুবকদের আশপাশের কেউ চেনে না। তবে তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১২৩৮ ঘ.
bdnews24