শফিকুল ইসলাম মিলটন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউকের তালিকায় অবৈধ স্থাপনা, খালের গতিপথে বাধা দেওয়ার জন্য পরিবেশবাদীদের চোখে এটি পরিবেশের জন্য ক্ষতিকর; তবুও কারওয়ান বাজারে হাতিরঝিল প্রকল্পে ‘বাধা’ হয়ে দাঁড়িয়ে আছে বিজিএমইএ ভবন।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় র্যাংগস ভবনসহ বেশ কিছু অবৈধ স্থাপনা ভাঙা হলেও রয়ে যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বহুতল এ ভবন।
একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর রোববার হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বিজিএমইএ ভবন না ভাঙার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে।
গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বিজিএমইএ সভাপতি, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে এর জবাব দিতে বলা হয়েছে, সময় দেওয়া হয়েছে দুই সপ্তাহ।
বিজিএমইএ ভবন যে অবৈধ তা জানালেন খোদ রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা।
এ ভবনের নকশার অনুমোদনও ছিলো না।
অনুমোদন ছাড়া ভবনের কাজ শুরুর কথা স্বীকার করেছে বিজিএমইএ কর্তৃপক্ষও।
তবে তারা দাবি করছে, ভবনটি অবৈধ নয়। ভবনটিকে যারা অবৈধ বলছে, তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন বিজিএমইএ এর প্রধান প্রকৌশলী মো. লিয়াকত হোসেন।
১৯৯৮ সালে বিজিএমইএ তাদের প্রধান কার্যালয় ভবন নির্মাণের জন্য সোনারগাঁও হোটেলের পাশে বেগুনবাড়ী খালপাড়ের এ জায়গাটি নির্ধারণ করে এবং সরকারের অনুমোদন নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছ থেকে ৫ কোটি ১৭ লাখ টাকায় জমিটি কেনে। ওই বছরের ২৮ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটির ভিত্তি স্থাপন করেন।
অভিযোগ রয়েছে, এ ভবন নির্মাণের ক্ষেত্রে নগর উন্নয়ন আইন-১৯৫৩ মানা হয়নি।
ভবন নির্মাণ আইন-১৯৫২ অনুযায়ীও ভবনটি অবৈধ, কারণ রাজউক ভবনটির নকশা অনুমোদন করেনি।
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ীও ভবনটি অবৈধ, কারণ ভবন নির্মাণের জন্য কোনো ধরনের পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়নি।
পরিবেশবাদী বিভিন্ন সংগঠন বলছে, উন্মুক্ত স্থান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ ভঙ্গ করে প্রাকৃতিক জলাধারের শ্রেণী বা প্রকৃতি পরিবর্তনের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বিজিএমইএ ভবন নির্মাণের জন্য বেগুনবাড়ী খালের একাংশ ভরাট করে ফেলা হয়েছে এবং এতে এর গতিপথ পরিবর্তিত হয়েছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, ২০০২ সালে রাজউকের ১৩তম সভায় বিজিএমইএ এর মালিকানার ২ বিঘা জমির মধ্যে ৫ দশমিক ২৩ কাঠা বেগুনবাড়ী খাল ও হাতিরঝিল উন্নয়ন প্রকল্প উন্নয়নের জন্য রেখে বাকি অংশে বহুতল ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়।
পরের বছরের জানুয়ারিতে বিজিএমইএ ভবনের নকশা অনুমোদনের জন্য রাজউকে জমা দেয়।
২০০৩ সালের ২৬ ফেব্র“য়ারি বিজিএমইএ এর সেই সময়ের সভাপতি কুতুবউদ্দীন আহমেদ রাজউককে জানান, তাদের জমির পূর্ব দিকের অংশের সঙ্গে হাতিরঝিল প্রকল্প উন্নয়নের জন্য যে জায়গা দেখানো হয়েছে তা ঠিক নয়। বিজিএমইএ সভাপতির আবেদনে রাজউক ও বিজিএমইএ এর যৌথ প্রতিনিধি দল তখন প্রকল্প এলাকা পরিদর্শন করে। এরপর বিজিএমইএ-কে ২ দশমিক ৪১ কাঠা জমি বেগুনবাড়ী খাল ও হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের জন্য সংরক্ষণ করতে বলা হয়।
২০০৩ সালে রাজউক বেগুনবাড়ী খাল ও হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি সংরক্ষণের শর্তে ভবন নির্মাণের অনুমতি দেয়। কিন্তু তখনও ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়নি।
সে অনুমোদন না নিয়েই ২০০৪ সালে ভবন নির্মাণের কাজ শুরু করে বিজিএমইএ।
এরপর ২০০৬ সালের ৮ অক্টোবর বিজিএমইএ ভবন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকার খালের পানি প্রবাহ বাড়ানোর সিদ্ধান্ত নিলে বেগুনবাড়ী খাল পাড়ে নির্মিত বিজিএমইএ ভবনটি ভেঙে ফেলার বিষয়টি আলোচনায় আসে। পরিবেশবাদী নানা সংগঠন ভবনটি ভেঙে ফেলার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির পরিচালক সৈয়দ রিজওয়ানা হাসান স¤প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিএমইএ ভবন নির্মাণের ক্ষেত্রে নগর উন্নয়ন, পরিবেশ, জলাধার সংরক্ষণ- কোনো আইনেরই তোয়াক্কা করা হয়নি। এ ভবন নির্মাণের জন্য বেগুনবাড়ী খালের একাংশ ভরাট করে ফেলা হয়েছে। খালের গতিপথ পরিবর্তিত হয়েছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।”
“র্যাংগস ভবনের মতো বিজিএমইএ ভবন ভেঙে দিয়ে সরকারের দৃষ্টান্ত স্থাপন করা উচিত”, বলেন তিনি।
বিজিএমইএ ভবন নির্মাণাধীন অবস্থায় ২০০৪-০৫ সালে বেগুনবাড়ী খাল এলাকায় রাজউকের ১৩ একর জমিসহ রেলওয়ে এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের পুরো জায়গা নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি দল একটি সমীক্ষা করে।
এর মূল উদ্দেশ্য ছিলো, বেগুনবাড়ী খাল এলাকায় কীভাবে পরিবেশবান্ধব উন্নয়ন করা যায় তার দিক-নির্দেশনা দেওয়া।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বিজিএমইএ ভবনটি বেগুনবাড়ী খালের গতিপথে বাধা হিসেবে কাজ করছে। ভবনটি ওই এলাকার পরিবেশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
সমীক্ষা চালানো ওই দলের প্রধান অধ্যাপক মুজিবুর রহমান খান স¤প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিএমইএ ভবনটি বেগুনবাড়ি খালের প্রবাহ কমিয়ে দিয়েছে। ভবনটি ওই এলাকার জন্য পরিবেশবান্ধব নয়। এটি অবশ্যই অপসারণ করা উচিত।”
মহানগরীর অবৈধ স্থাপনাগুলোর তালিকায় বিজিএমইএ ভবন রয়েছে- জানিয়ে রাজউক চেয়ারম্যান নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিএমইএ এর সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত, তাই বিষয়টি স্পর্শকাতর। এ কারণে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে রাজউক।”
ভবন নির্মাণের অনুমতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, “বেগুনবাড়ী খাল এলাকায় রাজউকের ১৩ একরসহ রেলওয়ে এবং সড়ক ও জনপথ অধিদপ্তর এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর অনেক জমি রয়েছে। তার একটি জায়গায় ভবন নির্মাণের অনুমতি দেওয়া হলেও তা বেগুনবাড়ী খালের ওপর নয়। ভবনের নকশা এখনো অনুমোদন দেওয়া হয়নি।”
নকশার অনুমোদন ছাড়া ভবন নির্মাণ শুরু করার জন্য ২০০৫ সালে ১২ লাখ টাকা জরিমানাও দেয় বিজিএমইএ।
বিজিএমইএ এর প্রধান প্রকৌশলী লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজউক ও বিজিএমএ এর যৌথ প্রতিনিধি দলের মাধ্যমে সরেজমিন মাপজোপ করে লেকের জন্য ২ দশমিক ৪১ কাঠা জমি সংরক্ষণ করার সিদ্ধান্ত হয়। সে শর্তেই ভবন নির্মাণের অনুমতি পাওয়া গেছে।
জরিমানা দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, “শুধু অনুমতিপত্র নিয়েই আমরা কাজ শুরু করেছিলাম। ঢাকা শহরে সবাই এমন করে। তারপরও আমরা রাজউকের বিধি মোতাবেক ১২ লাখ টাকা জরিমানা দিয়েছি। সুতরাং বিজিএমইএ ভবন অবৈধ নয়।”
“যাদের দেশপ্রেম নেই তারাই এটিকে অবৈধ বলে দেশের ক্ষতি করার চেষ্টা করছে”, বলেন বিজিএমইএ প্রকৌশলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/০৯৩১ ঘ.
bdnews24