জাতীয় শিক্ষানীতি সংসদে উত্থাপন
জাতীয় শিক্ষানীতি-২০১০ রোববার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে মাগরিবের নামাযের বিরতির পর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এটি উপস্থাপন করেন।
প্রস্তাবিত এ শিক্ষানীতিতে প্রাথমিক স্তরকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তর চালু আছে। অষ্টম শ্রেণী শেষে একটি পাবলিক পরীক্ষা হবে। এর ভিত্তিতে শিক্ষার্থীরা নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে। এ বছরই প্রথম 'জুনিয়র স্কুল সার্টিফিকেট' নামে এ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষানীতিতে প্রাথমিক স্তরের মেয়াদ ক্রমান্বয়ে বৃদ্ধি করে ২০১২ সালের মধ্যে ছয় বছর, ২০১৫ সালের মধ্যে সাত বছর এবং ২০১৮ সালের মধ্যে আট বছর করার কথা বলা হয়েছে।
বর্তমানে মাধ্যমিক স্তর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তবে এতে তিনটি স্তর রয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত নিম্ন মাধ্যমিক। অষ্টম থেকে দশম পর্যন্ত মাধ্যমিক এবং একাদশ ও দ্বাদশ হচ্ছে উচ্চমাধ্যমিক স্তর।
কিন্তু এ সুপারিশ বাস্তবায়িত হলে মাধ্যমিক স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর পর। মাধ্যমিক স্তরের তিন ধারা অর্থাৎ সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারায় কয়েকটি মৌলিক বিষয়ে অভিন্ন পাঠ্যসূচি বাধ্যতামূলক হিসেবে রাখার সুপারিশ করা হয়েছে। মাধ্যমিক স্তরের বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বাধ্যতামূলক করতে বলা হয়েছে এ শিক্ষানীতিতে।
মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য-প্রযুক্তি, বৃত্তিমূলক শিক্ষা ও নৈতিক শিক্ষাসহ বেশ কিছু বিষয়ে অন্যান্য ধারার সঙ্গে মিল রেখে অভিন্ন পাঠ্যসূচি বাধ্যতামূলক করার সুপারিশ করা হয় প্রস্তাবিত এ শিক্ষানীতিতে। অন্যান্য ধারার মতো এ ক্ষেত্রে ইবতেদায়ি (প্রাথমিক) স্তর হবে আট বছর পর্যন্ত এবং আলিম স্তর চার বছর। দাখিল স্তর (বর্তমানের মাধ্যমিক) থাকবে না। ফাজিল স্তর (ডিগ্রী) তিন বা চার বছর এবং কামিল ( মাস্টার্স) দুই বা এক বছরের।
উচ্চ শিক্ষা স্তরে অভিভাবকের আয়ের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণ করা হবে।
মাধ্যমিক পর্যায়ে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কয়েক ধরনের জনশক্তি গড়ে তোলার কথা বলা হয়েছে শিক্ষানীতিতে।
এর মধ্যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর ছয় মাসের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে জাতীয় দক্ষতা মান-১, এক বছরের বৃত্তিমূলক শিক্ষা দিয়ে অর্থাৎ নবম শ্রেণী (ভোকেশনাল) শেষ করার মাধ্যমে জাতীয় দক্ষতা মান-২, দুই বছরের বৃত্তিমূলক শিক্ষা (দশম শ্রেণী, ভোকেশনাল) দিয়ে জাতীয় দক্ষতা মান-৩ এবং চার বছর অর্থাৎ দ্বাদশ শ্রেণী শেষ করে জাতীয় দক্ষতা মান-৪ ক্যাটাগরির জনশক্তি গড়ে তোলার সুপারিশ করা হয়।
এছাড়াও বয়স্ক ও উপানুষ্ঠানিক শিক্ষার সুপারিশও করা হয়েছে এতে। সময়ের প্রয়োজনে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে শিক্ষানীতির পরিমার্জন ও প্রয়োজনে পরিবর্তনের প্রক্রিয়া চলমান থাকবে। এ লক্ষ্যে একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণের জন্য একটি অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন, মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান নির্ধারণে প্রধান শিক্ষা পরিদর্শকের কার্যালয় স্থাপনসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে বেশ কিছু সুপারিশ করা হয়।
