যশোর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরতলীর নীলগঞ্জ সাহাপাড়া এলাকা থেকে শনিবার রাতে পুলিশ এক 'ছিনতাইকারী'র লাশ উদ্ধার করেছে।
বাবু ওরফে কাল্টুস বাবুকে (২৬) খুন করে ওখানে ফেলে গেছে। তিনি জেলা সদরের বারান্দীপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বাবু জেলা শহর থেকে ঝুমঝুমপুরের বাড়িতে যাচ্ছিলেন। নীলগঞ্জ সাহাপাড়া মোড়ে পৌঁছুলে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়।
পরে রাত আনুমানিক ১২টার দিকে সাহাপাড়া এলাকায় নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, বাবু একজন পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তাকে খুন করা হয়ে থাকতে পারে। তার শরীরের একাধিক স্থানে কোপের দাগ রয়েছে।
এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24