২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের জন্য শিগগিরই নীতিমালা হচ্ছে

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য শিগগিরই আলাদা নীতিমালা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য শিগগিরই আলাদা নীতিমালা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, "অতিদ্রুতই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা নীতিমালা করা হবে।" ইসরাফিল আলম তার প্রশ্নে বলেন, "সংবাদপ্রত্র ও সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুন্ন রেখে কোনো গ্রাউন্ডরুল প্রণয়ন করা যায় কিনা ?" নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বেসরকারি টিভি চ্যানেলগুলো বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ দুইটা থেকে বিকাল পাঁচটার মধ্যে প্রচার করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অনেকে প্রচার শুরুও করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিটিভির রাত আটটার সংবাদ প্রচারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা-৪ আসনের সাংসদ বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ বেতারের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা ও শ্রোতা বাড়ানোর লক্ষ্যে প্রত্যেক জেলায় সাব-স্টেশন স্থাপনের পরিকল্পনা আপাতত সরকারের নাই। তিনি জানান, বর্তমানে ১২টি জেলায় বাংলাদেশ বেতারের ১২টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। এছাড়া, গোপালগঞ্জে একটি এবং ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি এফএম রেডিও স্টেশন স্থাপনের পরিকল্পনা প্রক্রিয়াধীন আছে। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরো জানান, বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে কভারেজ এলাকা হিসাবে। প্রতিটি জেলায় উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা আপাতত নাই। ভবিষ্যতে টেলিভিশনের অনুষ্ঠান প্রচারের প্রক্রিয়া ডিজিটালে রূপান্তরিত হলে তখন কিছু উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮৪০ ঘ.