খুলনা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী ও শ্রমিকের দ্বন্দ্বের জেরে মহানগরীর অন্তত দশ হাজার ব্যবসায়ী রোববার থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট শুরু করেছেন। কর্মসূচি চলাকালে তারা কোনো সভা-সমাবেশ কিংবা মিছিল করেননি।
এ কর্মসূচি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সন্ধ্যায় ব্যবসায়ী নেতারা এক সভায় মিলিত হবেন।
কয়েকদিন আগে বড়বাজারের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির ঘটনায় দুই শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে শ্রমিকরা ওই প্রতিষ্ঠানের কাজ করা থেকে বিরত থাকায় ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেন।
খুলনার ব্যবসায়ী ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।
এতে কাঁচা তরকারি থেকে শুরু করে সকল ধরনের পণ্য সামগ্রীর বেচাকেনা বন্ধ থাকে। ফলে নগরীবাসী ও দূর-দূরান্ত থেকে আসা পাইকারী ও খুচরা ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়।
ধর্মঘট সফল করার জন্য শনিবার রাত সাড়ে ৯টায় ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী আমিনুল হকের সভাপতিত্বে নগরীর কয়েক শ' ব্যবসায়ী ইউনাইটেড ক্লাবে এক সভায় মিলিত হন।
নগরীর বড়বাজার এলাকা, খানজাহান আলী হকার্স মার্কেট, রেলওয়ে বিপনী বিতান, স্টেশন রোড, বার্মশীল রোড, শেরে বাংলা বিপনী বিতান, এস এম এ রব কমপ্লেক্স, শহীদ সোহরাওয়ার্দী বিপনী বিতান, ক্লে রোড, কালীবাড়ি বাজার, খুলনা শপিং কমপ্লেক্স, হাজী মাহতাব চেম্বার, জেলা পরিষদ মার্কেট, স্যার ইকবাল রোড, নুর চেম্বারসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা ধর্মঘট করছেন।
ব্যবসায়ী ও শ্রমিক নেতারা জানান, গত ১২ সেপ্টেম্বর বড়বাজারের আমদানিকারক ও পাইকারি বিক্রির প্রতিষ্ঠান মেসার্স তাজ ট্রেডিং-এর ১২ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ বাজারের দুই শ্রমিক কবীর ফারাজী ও এশরেককে গ্রেপ্তার করে।
তাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা যৌথভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।
এর অংশ হিসেবে তারা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সমঝোতায় শ্রমিকরা গত বৃহস্পতিবার থেকে আবার কাজ শুরু করলেও তাজ ট্রেডিংয়ের মালামাল খালাস করা থেকে তারা বিরত থাকে।
ব্যবসায়ী নেতারা অনুরোধ জানালেও শ্রমিকরা তাজ ট্রেডিংয়ের কাজ করা থেকে বিরত থাকে। দুই সহকর্মীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা তাজ ট্রেডিংয়ের কাজ করবে না বলে জানিয়ে দেয়।
ধর্মঘট কয়দিন চলবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার সন্ধ্যার পর ব্যবসায়ী নেতারা বৈঠকে বসবেন।
খুলনার বড়বজার কাঁচা ও পাকামাল আড়ৎদার সমিতির সভাপতি আবুল বাশার পাটোয়ারী জানান, শ্রমিকদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ জানাতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালন করছেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী আমিনুল হক জানান, শ্রমিকদের অযৌক্তিক আচরণ অনেক সহ্য করে আসছে নিরীহ ব্যবসায়ীরা। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।
জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনয়িনের সভাপতি মো. নাছির খান জানান, শ্রমিকরা কোনো অন্যায় আচরণ বা কাউকে হয়রানি করেনি। তাদের দু'জন শ্রমিককে অহেতুক ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে বাধ্য করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24