২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভি-২০১২ লটারির আবেদন শুরু মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০১২ সালের জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি-২০১২) লটারি কর্মসূচি ঘোষণা করেছে। অনলাইনে নিবন্ধন শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০১২ সালের জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি-২০১২) লটারি কর্মসূচি ঘোষণা করেছে। অনলাইনে নিবন্ধন শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রধান সান্ড্রা ইনগ্রাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিভি-২০১২ লটারির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ৩ নভেম্বর রাত ১০টা পর্যন্ত। অনলাইনে আবেদনের জন্য www.dvlottery.state.gov ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এবার আবেদনের জন্য সময় পাওয়া যাচ্ছে মাত্র ৩০ দিন। তবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা পর্যন্ত অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন সান্ড্রা ইনগ্রাম। তিনি বলেন, "নিবন্ধনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করলে আবেদনের অতিরিক্ত চাপের কারণে অনলাইনে আবেদন গ্রহণের গতি ধীর হয়ে যেতে পারে।" ডিভি প্রোগ্রাম হিসাবে অধিক পরিচিত ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সে সব দেশ থেকে প্রতি বছর ৫০,০০০ জনকে স্থায়ী রেসিডেন্ট ভিসা দেওয়া হয়। এই প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত ৩৯,০০০ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন। কোনো দেশকে মোট ভিসার সাত শতাংশের বেশি ভিসা দেওয়া হবে না। অর্থাৎ এ বছর সর্বোচ্চ ৩,৫০০ বাংলাদেশি এই প্রোগ্রামের আওতায় ভিসা পেতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/এইচএ/১৯৩৬ ঘ.