২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ পরিবহন মন্ত্রণালয় সংসদীয় কমিটি পুনর্গঠনের দাবি

নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিন সদস্যকে অপসারণ করে কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 11:02 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিন সদস্যকে অপসারণ করে কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা এই দাবি জানান। দাবি না মানলে বন্দর অচল করা হবে হুমকি দিয়ে নেতারা বলেন, "শ্রমিক কর্মচারীরা বন্দর বন্ধ করে দিলে তাদের কিছুই করার থাকবে না।" সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান। তিনি বলেন, "নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহ আলম, শামসুল হক চৌধুরী ও নুরে আলম লিটনসহ কয়েকজনের হস্তক্ষেপের কারণে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।" বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে ও সরকারের ভাবমূর্তি রক্ষা করতে অবিলম্বে বিতর্কিত সদস্যদের বাদ দিয়ে সংসদীয় কমিটি পুনর্গঠনের দাবি জানান তিনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাথে বার্থ অপারেটরদের দরপত্র বিষয়ে সম্পাদিত চুক্তির বরখেলাপ করা হচ্ছে উল্লেখ করে মাহফুজুর রহমান বলেন, "সংসদীয় কমিটি ও মন্ত্রণালয় বার্থ অপারেটরদের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে এই চুক্তি বরখেলাপের সুযোগ করে দিচ্ছে।" তিনি বলেন, "সংসদীয় স্থায়ী কমিটি ২০০৮ সাল থেকে এ পর্যন্ত মোট ১১ বার দরপত্রের শর্ত বদল করেছে।" বন্দরের ৬ টি কন্টেইনার বার্থে অপারেটর নিয়োগ, শ্রমিক কর্মচারী সমস্যা সংক্রান্ত চুক্তি বাস্তবায়ন, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল (কেসিটি) প্রকল্প, কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন ক্ষেত্রেও সংসদীয় কমিটি অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন মাহফুজুর রহমান খান। গত পাঁচ বছরে চট্টগ্রাম বন্দরে মোট কণ্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এর তথ্য উপস্থাপন করে মাহফুজুর রহমান বলেন, "বর্তমানে বন্দরে কন্টেইনার, জেনারেল কার্গো ও জাহাজ আগমনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অথচ ভারি যন্ত্রপাতি সংগ্রহ করা হয়নি এবং জনবল বৃদ্ধি করা হয়নি।" তিনি অভিযোগ করেন, বন্দরের ৬ টি কন্টেইনার বার্থ পরিচালনার জন্য অপারেটর নিয়োগে সংসদীয় স্থায়ী কমিটি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কিছু ব্যক্তি ও বার্থ অপারেটর চক্র যোগসাজশ করে ৩৫ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের চেষ্টা করছে। ফেডারেশন নেতারা বলেন, "স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান চবকের কর্মকাণ্ডে সংসদীয় কমিটির হস্তক্ষেপ বন্ধ না হলে এবং শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে শ্রমিক কর্মচারীরা বন্দর অচল করে দিতে পারে।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি গোলাম মোহ্ম্মাদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দর মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ ও চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সভাপতি বখতিয়ার উদ্দিন খান এবং বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এর আগে শনিবার চট্টগ্রাম ক্লাবে এক গোলটেবিল বৈঠকে নৌপরিবহনমন্ত্রী ও শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দরের সংকট দূর করতে ১৫ দিনের মধ্যে একটি উপদেষ্টা কমিটি করা হবে। এই বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন ও অন্য সদস্যদের উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউ আসেননি। এদিকে গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের এক বৈঠকে চেম্বারের সভাপতি সাংসদ এম এ লতিফ নৌমন্ত্রী ও বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/কেএমএস/১৬৫৫ ঘ.