ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রী বহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা উড়োজাহাজের একটি সোমবার ঢাকায় পৌঁছবে বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা।
এবছর হজযাত্রী বহনের জন্য ৪৭৭ আসনের বোয়িং ৭৪৭ মডেলের দুটি উড়োজাহাজ ভাড়া করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার দুপুর ১২টায় একটি উড়োজাহাজ ঢাকায় পৌঁছবে এবং অন্যটা আসবে বুধবার।"
শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে হজ ফ্লাইট শুরু হবে। এবার হজযাত্রীর সংখ্যা ধরা হয়েছে ৯৩ হাজার ৯০০। গত বছরের চেয়ে এবার হজযাত্রীর সংখ্যা ৩৫ হাজার ৭০০ বেশি।
৪৭ হাজার ৬৮৪ জন হজযাত্রী বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বহন করবে ২৬ থেকে ২৮ হাজার জন। বাকিদের বহন করবে আরো আটটি এয়ারলাইন্স।
এর আগে হজযাত্রী বহনের জন্য উড়োজাহাজ ভাড়া করা নিয়ে ত্রিমূখী দ্বন্দে জড়িয়ে পড়ে বিমান মন্ত্রী, সংসদীয় কমিটি ও বিমানের চেয়ারম্যান।
গত বছর হজযাত্রী বহনের জন্য ভাড়া করা নাইজেরিয়ার কাবো এয়ারের ২৬ বছরের পুরনো একটি উড়োজাহাজকে এবছরও ভাড়া নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে সংসদীয় কমিটি ও বিমানের চেয়ারম্যান।
কিন্তু ২০ বছরের বেশি পুরোনো হওয়ায় উড়োজাহাজটির নিবন্ধন দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ।
এ অবস্থার মধ্যেই দরপত্র আহ্বান করে লিজিং প্রতিষ্ঠান অজবান এরোনেটিকসের কাছ থেকে দুটি উড়োজাহাজ ভাড়া নেয় বিমান। প্রতি উড্ডয়ন ঘণ্টার জন্য এর ভাড়া দিতে হবে ৯ হাজার ৬০০ মার্কিন ডলার।
গত বছর কাবোর উড়োজাহাজের প্রতি উড্ডয়ন ঘণ্টার জন্য ভাড়া গুনতে হয়েছে ৫ হাজার ৩০০ মার্কিন ডলার।
অজবান এরোনেটিকসের কাছ থেকে উড়োজাহাজ ভাড়া করার বিষয়ে এর আগে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মইন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, হজ ফ্লাইটের জন্য থাইল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠান প্রতি উড্ডয়ন ঘণ্টার জন্য ৯ হাজার ৮০০ ডলার দর দিয়েছিল। কিন্তু অষ্ট্রেলিয়া ভিত্তিক অজবান দর দিয়েছিল ১০ হাজার ৬০০ ডলার। মন্ত্রণালয় অজবানকে কাজ দেওয়ার জন্য দরপত্র কাটাকাটি করে ৯ হাজার ৬০০ ডলার বসিয়েছে। এ ধরণের দুর্নীতির পেছনে মন্ত্রী, তার আত্মীয়স্বজন ও তার মেয়ে-জামাইয়ের ব্যবসায়িক সম্পর্ক আছে কী না তা খতিয়ে দেখতে হবে।
তবে উড়োজাহাজ ভাড়া করার পিছনে কোনও ধরনের দুর্নীতির কথা অস্বীকার করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৫০০ ঘ.
bdnews24